‘তার’ মতো চুমু কেউ খেতে পারে না: দীপিকা
যতই ছবি নিয়ে বিতর্ক হোক, যতই লোকে যা খুশি বলুক, তাদের সম্পর্কে যে কোনও আঁচ লাগেনি, তা ফের এক বার বোঝালেন দীপিকা পাড়ুকোন। প্রকাশ্যেই জানালেন, তার ‘বয়ফ্রেন্ড’ই এই জগতের সেরা কিসার।
বলিউডে প্রচুর প্রেমকাহিনি রয়েছে। কারিনা-সাইফ, বিরাট-অনুশকা, শাহিদ-মীরা থেকে সালমান-ক্যাটরিনা। কিন্তু তাদের সবার মধ্যে যেন একটু আলাদা রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন। কারণ তারা, একে অপরের ‘লাভ লাইফ’ নিয়ে খুব একটা রাখ-ঢাক পছন্দ করেন না।
বিরুষ্কার বিয়ের পর থেকে, বি-টাউনে কান পাতলেই শোনা যায় রণবীর-দীপিকার বিয়ের গুঞ্জন। কয়েকদিন আগে দীপিকার জন্মদিনে মলদ্বীপে একসঙ্গে দু’জনের থাকা নিয়েও বেশ সাড়া পড়েছিল ইন্ডাস্ট্রিতে। অনেকে তো বলেছিলেন, সেখান থেকে নাকি বিয়ে করেই ফিরছেন ‘দীপবীর’।
সে যাই হক, একটা কথা বলাই যায় যে, দু’জনের অন-স্ক্রিন কেমিস্ট্রির পাশাপাশি অফ-স্ক্রিনেও বেশ জমে উঠেছে তাদের প্রেম। এক কথায় নজরকাড়া! তা সে অ্যাওয়ার্ড সেরিমনিতে ফ্লাইং কিস হোক, কিংবা একসঙ্গে ফোটোশুট।
এ বার আরও এক ধাপ এগিয়ে গিয়েছেন দীপিকা। কালার্স ইনফিনিটিকে দেওয়া একটি সাক্ষাত্কারে রণবীরকে নিয়ে খুল্লমখুল্লা আলোচনা করেছেন নায়িকা। শেয়ার করেছেন রণবীরের কী কী তার ভাল লাগে, আর কোনটা তার অপছন্দ। এমনকী রণবীরের নানা কুসংস্কারের কথাও বলেছেন দীপিকা।
ইন্ডিয়া টাইমসের খবর অনুযায়ী অভিনেত্রী বলেছেন, ‘‘কোনও শট দেওয়ার আগে তার কিছু সংস্কার থাকে। চোখের পাতা নামিয়ে ও পারফিউম স্প্রে করে। এর পর মাউথওয়াশ ব্যবহার করে বা অন্য কিছু মজার কাণ্ড ঘটায়। তার পর শট দেয়।’’ যদিও এমন ‘পাগলামি’ নিয়ে তার কোনও আপত্তি নেই বলেও জানিয়েছেন দীপিকা।
আর বাজিমাত করেছেন কোথায় জানেন? রণবীরকে সেরা ‘কিসার’ ঘোষণা করে। জানিয়েছেন, এই ইন্ডাস্ট্রিতে ‘বেস্ট কিসার’ রণবীর সিং। তার মতো চুমু নাকি কেউ খেতেই পারে না!




