কাদেরকে আটকে ফের পদবঞ্চিতদের বিক্ষোভ (ভিডিও)
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গাড়ি আটকে রোববারও বিক্ষোভ করেছেন পদবঞ্চিত ছাত্রলীগের সাবেক নেতারা। এদিন রাত ৮টার দিকে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গতকাল শনিবারও ওবায়দুল কাদের পদবঞ্চিত নেতাদের তোপের মুখে পড়েন। সেই সময় তিনি আওয়ামী লীগের উপ কমিটিকে অবৈধ বলে মৌখিকভাবে বাতিল ঘোষণা করেছিলেন। এর ফলে প্রস্তাবিত সকল সহ-সম্পাদকদের পদ আপাতত রদ হয়।
কিন্তু আজ সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, কমিটি বাতিল হয়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আওয়ামী লীগের উপ-কমিটিতে সহ-সম্পাদকের পদ না পাওয়া ২৫০-৩০০ সাবেক ছাত্রনেতা ওবায়দুল কাদেরের গাড়ি আটকে রেখে বিক্ষোভ করেছেন।
বিষয়টি পরিবর্তন ডটকমকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবাহান গোলাপ।
তিনি বলেন, রাত আট টার দিকে উপ-কমিটিতে পদবঞ্চিত নেতারা উনার (কাদের) গাড়ি আটকে রাখেন।
আবদুস সোবাহান গোলাপ বলেন, এ ঘটনার পর পাঁচজন সাবেক ছাত্রনেতার সাথে সাধারণ সম্পাদক বৈঠক করেছেন।
এসময় ওবায়দুল কাদের বলেন, আমি কাদের জেনারেল সেক্রেটারি থাকা অবস্থায় কোনো বিএনপি-জামায়াতপন্থীদের জায়গা হবে না আওয়ামী লীগে।
উল্লেখ্য, গত সোমবার থেকে থেকেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ-কমিটির সহ-সম্পাদক এবং সম্পাদকমণ্ডলীর সদস্য পদ প্রত্যাশীদের দায়িত্ব বণ্টন করে চিঠি পাঠানো শুরু করে দলটি। এর পরপরই তালিকায় থাকা ব্যক্তিরা তাদের ফেসবুকে নিজেদের পদপ্রাপ্তির বিষয় পোস্ট করেন।
এ নিয়ে বিতর্ক শুরু হলে, বৃহস্পতিবার রাতে পরিবর্তন ডটকমকে মোবাইল ফোনে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবাহান গোলাপ বলেছিলেন, আওয়ামী লীগের উপ-কমিটি এখনো অনুমোদন দেয়া হয়নি। সহ-সম্পাদকদের কোনো অনুমোদন নাই। যারা আগে ভাগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের নেতা দাবি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সূত্র: পরিবর্তন




