193705

আজ দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত : টঙ্গীমুখী মানুষের স্রোত

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে লাখ লাখ মুসল্লির সমাবেশ ঘটেছে। উপস্থিত লাখো মুসল্লি তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বিদের গুরুত্বপূর্ণ বয়ান শুনে ও এবাদত বন্দেগিতে দিন পার করেছেন। গতকাল বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। আজ বেলা সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। আখেরি মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল মসজিদের খতিব মাওলানা যোবায়ের। এ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০১৮ সালের দুই পর্বের বিশ্ব ইজতেমা। মোনাজাত সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকারি-বেসরকারিভাবে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

মোনাজাতে অংশ নিতে গতকাল সন্ধ্যা পর্যন্ত দূর-দূরান্ত থেকে মুসল্লিরা ট্রেন, বাস, ট্রাক, লঞ্চ, নৌকাযোগে ও পায়ে হেঁটে দলে দলে ইজতেমাস্থলে আসতে দেখা গেছে। গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশীদ জানান, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইজতেমা মাঠে প্রবেশের প্রতিটি রাস্তায় পাঁচ স্তরে নিরাপত্তা তল্লাশি পেরিয়ে মুসল্লিদের মাঠে প্রবেশ করতে হচ্ছে। প্যান্ডেলের ভেতরে ও বাইরে মুসল্লি বেশে রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। পাঁচটি স্তরে নিরাপত্তা দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইজতেমা ময়দানের প্রবেশপথে ক্লোজ সার্কিট ক্যামেরা ও বিভিন্ন পয়েন্টে পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন করা হয়েছে। তিনি আরো জানান, ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে শনিবার মধ্যরাত থেকে মোনাজাত শেষে বিকাল পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত্ত, টঙ্গী-কালীগঞ্জ সড়কের মিরের বাজার থেকে স্টেশন রোড পর্যন্ত, কামারপাড়া থেকে আশুলিয়া পর্যন্ত এবং বিমানবন্দর থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত সব ধরনের যানচলাচল বন্ধ থাকবে। এদিকে বিশ্ব ইজতেমায় বিপুলসংখ্যক আগত মুসল্লির সার্বিক নিরাপত্তায় র‌্যাব, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাত হাজার সদস্য দায়িত্ব পালন করছেন বলে জানান গাজীপুর জেলা পুলিশ সুপার হারুন আর রশিদ।

তাবলীগের মুরব্বিদের সংবাদ সম্মেলন স্থগিত: মাওলানা সা’দ কান্ধলভির প্রস্থানসহ তাবলীগের চলমান পরিস্থিতি নিয়ে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে বেলা ২টায় সংবাদ সম্মেলনের আয়োজনের কথা ছিল। শনিবার সকালে স্থানীয় সংবাদকর্মীদের জানিয়েছিলেন বিশ্ব ইজতেমার মুরব্বি প্রকৌশলী মো. মাহফুজ। পরে দুপুরের দিকে সংবাদ সম্মেলন স্থগিত হওয়ার কথাও তিনিই জানান। তিনি বলেন, মুফতি নজরুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছিলেন। পরে তা স্থগিত করা হয়েছে। তাবলীগ জামাতের নেতৃত্ব নিয়ে দিল্লির মারকাজ এবং দেওবন্দ মাদরাসার মধ্যে সমপ্রতি দ্বন্দ্ব দেখা দেয়, যার প্রভাবেই বাংলাদেশ তাবলীগ জামাতের মধ্যেও তৈরি হয় বিভক্তি। এবারের বিশ্ব ইজতেমায় মাওলানা সা’দের বিরোধীরা তার ঢাকা আগমনের সময় বিমানবন্দরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে তিনি ইজতেমায় যোগ না দিয়ে নিজ দেশ ভারতে চলে যান।
দুই মুসল্লির মৃত্যু: শনিবার সকাল পর্যন্ত দুই মুসল্লির মৃত্যু হয়েছে। টঙ্গী সরকারি হাসপাতালের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা সহকারী স্বাস্থ্য পরিদর্শক চিত্তরঞ্জন দাস বলেন, বার্ধক্যজনিত কারণে রাত ১টার দিকে জামালপুর জেলার ইসলামপুরের মোবারক হোসেন ওরফে মোহর আলী (৬৫) মারা যান। শ্বাসকষ্টজনিত কারণে শনিবার সকাল সোয়া ৬টার দিকে হাজী শহীদুল ইসলাম (৫৬) মৃত্যু হয়েছে। সে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাসিন্দা।

বয়ান: গতকাল বাদ ফজর বয়ান করেন মাওলানা মোহাম্মদ হোসেন বাদ যোহর বয়ান করেন মাওলানা শেখ ইসমাইল (সোমালিয়া) আছর বয়ান করেন মোহাম্মদ রবিউল হক বাদ মাগরিব বয়ান করেন হাফেজ মাওলানা যোবায়েরসহ বিশ্ব তাবলীগ জামায়াতের মুরব্বিরা। ইজতেমা মাঠের জিম্মাদারের দায়িত্বে থাকা তাবলীগের একাধিক মুরব্বি মানবজমিনকে জানান।
বয়ানে যা বলা হলো: গতকাল বাদ জোহর সোমালিয়ার মাওলানা শেখ ইসমাইল, আমল, জাহান্নাম, জান্নাত ও দাওয়াতে মেহনতের ওপর গুরুত্বপূর্ণ বয়ান রাখেন। তিনি বলেন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। মহান আল্লাহ্‌র কাছে আমল ছাড়া দুনিয়ার জিন্দিগির কোনো মূল্য নেই। দুনিয়ার কামাই রোজগার দুনিয়াতেই কাজে লাগবে, আখেরাতে কোনো কাজে লাগবে না। যখন মায়ের পেটে ছিলাম তখন বুঝতে পারিনি পৃথিবী যে এতো বড়। আবার পৃথিবী থেকে বুঝতে পারছি না যে আখেরাত কত বড়।

তিনি আরো বলেন, জান্নাত হলো চিরস্থায়ী শান্তির জায়গা। জান্নাতে একবার কেউ গেলে সেখান থেকে আর বের হবে না। জান্নাতের জমিনের ঘাষ হবে জাফরানের মতো। জান্নাতের ইটের জোড়া হবে রুপার, আর প্লাস্টার হবে হিরা-মুক্তা-জহরত দিয়ে। দুনিয়াতে যার যে পরিমাণ গুনাহ হবে পরকালে সে পরিমাণ শাস্তি ভোগ করবে। তাবলীগ জামাতের মুরব্বি মাওলানা শেখ ইসমাইল অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে তার বয়ানে বলেন, মহান আল্লাহ্‌’র প্রতি কারও কোনো বিশ্বাস ছিল না। সে নিজের অর্জিত সম্পদকে আল্লাহ্‌’র সম্পদ বলে স্বীকার করতো না। বরং নিজেকে এসব সম্পদের একচ্ছত্র মালিক মনে করতো। তার সেই সম্পদ দুনিয়াতে কোনো কাজে আসেনি। ইমান আমল আখলাক ভালো থাকলে এবং দুনিয়ার সম্পদ আল্লাহ্‌’র পথে কুরবান করলে আখেরাতে কামিয়াব হওয়া যায়। জান-মাল আল্লাহ্‌’র পথে খরচ করলে আল্লাহ্‌ আরো বাড়িয়ে দেন। মাওলানা শেখ ইসমাইল দুনিয়ার ভিআইপিদের নিয়ে গর্ব অহঙ্কারের বিষয় তুলে ধরে তার বয়ানে আরো বলেন, দুনিয়ার যত ভিআইপি আছে সবাইকে একসঙ্গে করে ওজন দিলে একজন নবী রাসুলের (স.) একটি আঙ্গুলের সমানও হবে না।

তিনি আরো বলেন, মানুষ যদি মহান আল্লাহ্‌’র হেদায়েত মেনে চলে তাহলে দুনিয়া ও আখেরাতে কামিয়াব হবে। দুনিয়ার মানুষকে আল্লাহ্‌’র পথে ডাকার জন্য যুগে যুগে নবী রাসুল পাঠানো হয়েছে এবং আল্লাহ্‌ প্রদত্ত জীবন বিধানও পাঠানো হয়েছে। দাওয়াতের মাধ্যমে মানুষের ইমান মজবুত হয়। ইমান মজবুত হলে আল্লাহ্‌’র সঙ্গে সম্পর্ক গড়ে উঠে। আল্লাহ্‌’র সঙ্গে সম্পর্ক গড়ে উঠলে দুনিয়া ও আখেরাতে কামিয়াবি হয়। গত শুক্রবার বাদ ফজর থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব ইজতেমার বয়ান শুরু হয়।

বিদেশি মেহমান- শনিবার বিকেল পর্যন্ত নতুন ৭৬টি দেশের ৩ হাজার ৮৮৫ জন বিদেশি মেহমান এবং প্রথম পর্বের কিছু মেহমানসহ ইজতেমা মাঠে প্রায় ৫ থেকে ৬ হাজার বিদেশি মেহমান অবস্থান করছেন বলে ইজতেমার আয়োজক ও বিভিন্ন গোয়েন্দা সূত্রে জানা যায়।
চিলাভুক্ত মুসল্লি: এ পর্বেও ইজতেমার প্যান্ডেলের উত্তর- পশ্চিমে তাশকিলের কামরা স্থাপন করা হয়েছে। বিভিন্ন খিত্তা থেকে বিভিন্ন মেয়াদে চিল্লায় অংশগ্রহণেচ্ছু মুসল্লিদের এ কামরায় আনা হচ্ছে এবং তালিকাভুক্ত করা হচ্ছে। পরে কাকরাইলের মসজিদের তাবলিগী মুরব্বিদের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী এলাকা ভাগ করে তাদের দেশের বিভিন্ন এলাকায় তাবলিগী কাজে পাঠনো হবে।

ad

পাঠকের মতামত