193479

তামিমই যেখানে বিশ্বসেরা

পরপর দুটো ম্যাচে ৮৪ রানে আটকে গেলেন তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে আর সুযোগ ছিলো না বলে ৮৪ রানে অপরাজিত ছিলেন। আর গতকাল ৮৪ রানে আউট হয়ে গেলেন। দুই দুটো সেঞ্চুরি হাতছাড়ার আক্ষেপ তামিম করতে পারেন।

যদিও এখন আক্ষেপ ব্যাপারটাই তামিম ইকবালকে মানায় না। কারণ, গত এক বছরের বেশি সময় ধরে বিশ্বের সেরা ওয়ানডে ওপেনারটির নাম তামিম ইকবাল খান।

হ্যা, বিশ্বাস করুন আর নাই করুন, এটাই সত্যি। পরিসংখ্যান বলছে, ২০১৭ সালের জানুয়ারি থেকে বিশ্বের সবচেয়ে বেশি গড়ে রান তোলা ওয়ানডে ওপেনার তামিমের। এই সময়ে তিনি রান করেছেন ৭৪.০০ গড়ে। তার নিকটতম প্রতিদ্বন্ধী রোহিত শর্মা এই সময়ে ৭১.০০ গড়ে রান তুলতে পেরেছেন।

তামিম বাংলাদেশের হয়ে খেলা শুরু করার পর থেকেই দেশের সেরা ব্যাটসম্যানদের একজন। তবে ২০১৫ সাল থেকে আসলে বিধ্বংসী এই ফর্মে চলে এসেছেন বাহাতি এই ওপেনার। তামিম তার পুরো ক্যারিয়ারে রান করেছেন ৩৫.১১ গড়ে। আর ২০১৫ সালের জানুয়ারি থেকে তার ব্যাটিং গড় ৫৪.৫২। এই সময়ে তিনি ৪১টি ম্যাচে ১৯৬৩ রান করেছেন। এই সময়ে তামিম ৫টি সেঞ্চুরি করেছেন এবং ফিফটি করেছেন ১৩টি।

আমরা যদি ২০১৫ সালের জানুয়ারি থেকে এই সময়টা বিবেচনায় নেই, তাও দেখতে পাবো, বিশ্বের চতুর্থ সেরা ওপেনার তামিম। এই সময়ে তামিমের চেয়ে বেশি গড়ে রান করেছেন রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার ও ইয়ান বেল। রোহিতের গড় ছিলো ৬২.১৩, ওয়ার্নারের ৫৭.২২ এবং বেলের গড় ৫৬.৫৫।

তবে তামিমের চমকটা জন্য আপনাকে আরেকটু আগে এগিয়ে আসতে হবে। পরিসংখ্যানটা দেখতে হবে ১ জানুয়ারি, ২০১৭ থেকে। এই সময়কালে বিশ্বের কোনো ওপেনার তামিমের চেয়ে বেশি গড়ে রান করতে পারেননি। তামিম এই সময়ে ১৪টি ম্যাচ খেলে ৮১৪ রান করেছেন; এই সময়ে আছে তার ২টি সেঞ্চুরি এবং ৬টি ফিফটি। এই সময়ে তার গড়টা ছিলো দেখার মতো—৭৪.০০। ২০১৭ সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত ৭০-এর ওপরে গড়ে রান তোলা আর একমাত্র ওপেনার হলেন রোহিত শর্মা। এমনকি এই সময়ে ৬০-এর ওপরেই রান করতে পেরেছেন আর একজন মাত্র ব্যাটসম্যান—অ্যারন ফিঞ্চ; তিনি রান করেছেন ৬১.৮০ গড়ে।

এ তো গেলো ওপেনারদের হিসেব।

এবার যদি আমরা সব পজিশনের ব্যাটসম্যানদের দিকে তাকাই, তাও দেখতে পাবো, ২০১৭ সালের শুরু থেকে এ পর্যন্ত তামিমের চেয়ে বেশি গড়ে রান করেছেন বিশ্বের কেবল চারজন ব্যাটসম্যান—ডি গ্র্যান্ডহোম, জনি বেয়ারস্টো, বিরাট কোহলি ও জো রুট। এর মধ্যে গ্র্যান্ডহোম ও বেয়ারস্টোর গড় একশ-এর ওপরে। গ্র্যান্ডহোম রান করেছেন ১২৬.০০ গড়ে এবং বেয়ারস্টো করেছেন ১০১.০০ গড়ে। বিরাট কোহলি ৭৬.৮৪ ও জো রুট ৭৬.৭১ গড়ে রান তুলেছেন। ফলে এই তালিকায় তামিম আছেন ৫ নম্বরে।

এখানে একটা ব্যাপার উল্লেখ করা প্রয়োজন। এই সব হিসেব করা হয়েছে, হিসাবকালীন সময়ে কমপক্ষে ১০টি ওয়ানডে খেলেছেন, এমন ব্যাটসম্যানদের বিবেচনায় নিয়ে। সেই বিবেচনাই বলছে, তামিম এখন বিশ্বসেরাদের একজন!

ad

পাঠকের মতামত