190844

শাবনূর ফিরছেন ‘পাগল মানুষ’ নিয়ে

দেশীয় ছবির এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর। তবে দীর্ঘদিন ধরে মুক্তি পায়নি এ নায়িকার কোনো ছবি। নতুন কোনো চলচ্চিত্রেও কাজ করছেন না তিনি। তাইতো ভক্তরা বঞ্চিত হয়েছেন তার অভিনয় থেকে।

সিনেমায় অভিনয় না করলেও গেলো কয়েক বছর ধরেই মিডিয়ার বিভিন্ন অনুষ্ঠানে কালো বোরকা পরে হাজির হতে দেখা গেছে শাবনূরকে। আর সেসব অনুষ্ঠানে পুরনো সহকর্মীদের সঙ্গে আনন্দেই কাটছে তার সময়।
যদিও গেলো দুই বছর ধরে শোনা যাচ্ছিলো ‘এত প্রেম এত মায়া’ নামে একটি ছবিতে অভিনয় করবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ছবিটিতে আর অভিনয় করেননি। কবে কাজ শুরু করবেন তাও নিশ্চিত নয়।

তবে শাবনূর ভক্তদের জন্য সুখবর হলো বছর খানেক আগে শুটিং শেষ হওয়া একটি ছবি নিয়ে বড় পর্দায় আসছেন এই নায়িকা। ছবির নাম ‘পাগল মানুষ’। আগামী ১২ জানুয়ারি ছবিটি সারাদেশে মুক্তি পাবে।

২০১২ সালের ২৯ ডিসেম্বর ‘পাগল মানুষ’ ছবির শুটিংয়ের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ছবির পরিচালক এম এম সরকার। পরিচালকের মৃত্যুর পর ছবির সব কাজ বন্ধ হয়ে যায়। বাকি ছিল অল্প কিছু কাজ। তবে চার বছর পর ছবিটির এই বাকি অংশ শেষ করার দায়িত্ব নেন পরিচালকের এক সময়ের সহকারী বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রির সনামধন্য নির্মাতা বদিউল আলম খোকন।

তার সার্বিক তত্ত্বাবধানে ছবিটি মুক্তি পাচ্ছে। ‘পাগল মানুষ’ ছবিতে শাবনূরের সঙ্গে জুটি হয়েছেন নতুন নায়ক শাহের খান। দীর্ঘদিন পর শাবনূর অভিনীত ‘পাগল মানুষ’ ছবিটি দর্শকরা কিভাবে গ্রহণ করেন তা সময়ই বলে দিবে।

ad

পাঠকের মতামত