হঠাৎ আসিফের কাছে ছুটে গেলেন এভ্রিল
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় প্রথম চ্যাম্পিয়ন হওয়া এবং পরবর্তী সময়ে বিয়ের খবর লুকানোর কারণে বিজয়ের মুকুট কেড়ে নেয়ার ঘটনায় বেশ আলোচনায় চলে আসেন জান্নাতুল নাঈম এভ্রিল।
এরপর মিউজিক ভিডিও এবং নাটকেও কাজ করেছেন তিনি। চলচ্চিত্রে কাজ করার কথাও চলছে তার। এদিকে কাজের পাশাপাশি বাল্যবিবাহ বন্ধে কাজ করে যাচ্ছেন তিনি। সম্প্রতি শীতবস্ত্র বিতরণ করেছেন এভ্রিল।
নতুন খবর হলো জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের সঙ্গে দেখা করেছেন এভ্রিল।
তার অফিসে ঝটিকা ঢুঁ মারেন হালের ‘স্পিড গার্ল’ হিসেবে খ্যাত এ পর্দাকন্যা। বহুল আলোচিত-সমালোচিত এই উঠতি তারকা হালে প্রশংসিত হচ্ছেন বাল্যবিবাহ রোধে একের পর এক পদক্ষেপ নিয়ে।
জানা গেছে, সামাজিক এই পদক্ষেপে এভ্রিল কয়েকজন দর্শক নন্দিত তারকাকে তার পাশে পেতে চাচ্ছেন। সেই চাওয়ার প্রথম পর্ব হিসেবে তিনি ছুটে যান তার প্রিয় গায়ক আসিফ আকবরের সমর্থন আদায়ে।
এভ্রিল জানান, প্রিয় গায়কের পূর্ণ সমর্থন তিনি পেয়েছেন এবং সামাজিক এই কাজে যতটুকু সম্ভব এ কণ্ঠতারকা এভ্রিলের পাশে থাকবেন। এভ্রিল আরও জানান, আমি মিডিয়ায় কাজ করে যাবো। এছাড়া সামাজিক দায়বদ্ধতা থেকে যা করার তা করবো। বিশেষ করে বাল্যবিবাহ বন্ধে আমার বেশকিছু পদক্ষেপ রয়েছে।




