190553

সজলের অজানা প্রতিভার সন্ধান দিলেন প্রভা

বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ক্যাপশানে লিখেছেন ‘তার একটি অজানা প্রতিভা।’

ভিডিওতে দেখা যায় হারমোনিয়াম নিয়ে মগ্ন অভিনেতা সজল। তিনি চেষ্টা করছেন এতে সুর তুলতে। প্রভার করা পোস্টে তার ফেসবুক ভক্ত-অনুরাগীরা বেশ মজা পেয়েছেন বোঝা গেল হা হা রিয়াক্ট দেখে।

সেখানে বন্যা মির্জা, চয়নিকা চৌধুরীসহ আরও অনেকে মজার মজার মন্তব্যও করেছেন। অভিনেতা সজল জানালেন, সদ্যই শুটিং শেষ হওয়া একটি নাটকের সেটে হারমোনিয়াম বাজাচ্ছিলেন তিনি। সেটি ভিডিও করে প্রভা ফেসবুকে দিয়েছে মজা করতে।

দর্শক নন্দিত অভিনেতা সজল জানান, প্রভা ও তার জুটির নতুন নাটকটির নাম ‘যে দৃশ্যের শেষ নেই’। গৌতম কৈরীর রচনায় নাটকটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে। বর্তমানে চলছে সম্পাদনা। নাটকের গল্পে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে সজল-প্রভাকে।

সজল বলেন, আমি একজন নির্মাতার চরিত্রে অভিনয় করেছি। আমি সব সময় কাজকে ভালোবাসি। আর এ কারণেই নিজের খেয়াল-খুশি মতো কাজকেই প্রাধান্য দেই। আমার সহধর্মিণী প্রভা বিষয়টি স্বাভাবিকভাবে নিলেও অনেকেই এটি ভালো চোখে দেখেন না। এ নিয়ে নানা টানাপোড়ন, চড়াই-উতরাই জীবনের।

তার মতে, নতুন বছরে নতুন উদ্যমে শুরু করেছি কাজ। খুন ভাল লাগছে। অনেকদিন পর প্রভার সঙ্গেও কাজ করা হলো। আমার বিশ্বাস নাটকটি ভালো লাগবে দর্শকের।

সজল-প্রভা ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন নাবিলা ইসলাম, আজম খান, তৌহিদুল ইসলামসহ অনেকে।

নাটকটি প্রযোজনা করেছে মিতুল এন্টারটেইনমেন্ট অস্ট্রেলিয়া লিমিটেড। শিগগিরই কোনো একটি বেসরকারি চ্যানেলে নাটকটি দেখানো হবে বলে জানিয়েছেন নির্মাতা।

https://www.facebook.com/DiyaProva/videos/588118391520201/

ad

পাঠকের মতামত