ফারুকীর নতুন ছবিতে এবার পরমব্রত
দেশের মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। গেল বছর মুক্তি পায় তার সর্বশেষ ছবি ‘ডুব’। আন্তর্জাতিকভাবে সমাদৃত এই ছবির পর এবার নতুন ছবি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। নির্মাণ করছেন ‘শনিবার বিকেল’ নামের একটি ছবি। আর এই ছবির কাস্টিংয়ে একের পর এক চমক দিচ্ছেন ফারুকী। এবার দিলেন আরো নতুন একটি চমক।
এরইমধ্যে ‘শনিবার বিকেল’-এ বেশ কয়েকজন তারকা অভিনেতা অভিনেত্রীর কথা নিশ্চিত করেছেন ফারুকী। তিশা এবং ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানির পর বছরের প্রথম দিনেই অভিনেতা জাহিদ হাসানের অভিনয়ের কথা নিশ্চিত করেছিলেন প্রযোজনা সংস্থা জাজের কর্ণধার আব্দুল আজিজ। এবার একই ছবিতে ফারুকী কাস্ট করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে।
শনিবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে নির্মাতা ফারুকী জানান, ‘শনিবার বিকেল’-এ ধীরে ধীরে আরো চমক থাকছে। তিশা, জাহিদ হাসান ও ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানির পর এবার এই ছবিতে আমরা পরমব্রতকে কাস্ট করেছি।
ছবির শুটিং কবে শুরু হবে জানতে চাইলে ফারুকী বলেন, এখন আমরা রিহার্সেল নিয়ে ব্যস্ত আছি। এরপর টানা শুটিং। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হবে ‘শনিবার বিকেল’ ছবির শুটিং।
বাংলাদেশ-ভারত-জার্মান যৌথপ্রযোজনায় ‘শনিবার বিকেল’ ছবিটি জাজ মাল্টিমিডিয়া আর কলকাতার শ্যাম সুন্দর দে’র পাশাপাশি ছবিয়ালও প্রযোজনা করছে।
এরআগেও বাংলাদেশের ছবিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। অনিমেষ আইচের ‘ভয়ংকর সুন্দর’ এবং ফাখরুল আরেফিন খানের ‘ভুবন মাঝি’ ছবিতে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি।




