যমজ ভাই-বোন, কিন্তু দুজনের জন্ম দুই সালে
জন্মের সময়ের ফারাক মাত্র কয়েক মিনিটের। তাতেই পাল্টে গেল ভাই-বোনের জন্মতারিখ। শুধু তারিখই নয়, বদলে গেছে পুরো একটি বছরও। এমনই অবাক করা এক কাণ্ড ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। খবর জি নিউজের।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা মারিয়া ফ্লোরেস রিওস। নববর্ষের আগের দিন সন্ধ্যা অর্থাৎ ৩১ ডিসেম্বর থেকেই পেটে ভীষণ যন্ত্রণা অনুভব করছিলেন। তবে তখনো আন্দাজ করতে পারেননি কিছুক্ষণের মধ্যেই জীবনের সবচেয়ে অভূতপূর্ব ঘটনার সাক্ষী হতে চলেছেন তিনি।
এদিকে স্ত্রীকে গর্ভযন্ত্রণায় কষ্ট পেতে দেখে তড়িঘড়ি ক্যালিফোর্নিয়ার ডেলানো রিজিওনাল হাসপাতালে নিয়ে যান স্বামী জোয়াকুইন। ওই হাসপাতালেই ৩১ ডিসেম্বর ১১টা বেজে ৫৮ মিনিটে প্রথম সন্তানের জন্ম দেন মারিয়া। পরে ঠিক ১৮ মিনিট পর দ্বিতীয় সন্তানের জন্ম দেন মারিয়া।
যদিও চিকিৎসকরা প্রথমে জানিয়েছিল নতুন বছরের ২৭ জানুয়ারি নর্মাল ডেলিভারি হবে মারিয়ার। পরে অবশ্য ডাক্তাররা ১০ জানুয়ারি সিজার করে প্রসবের কথা জানায়। কিন্তু চিকিৎসকদের সব সম্ভাবনাকেই ভুল প্রমাণ বর্ষ শেষের মধ্যরাতে যমজ সন্তানের মা হলেন মারিয়া।
ফলে যমজ হওয়ার পরও দুই ভাইবোনের জন্ম সাল হয়ে গেল ভিন্ন।




