‘বিমানকে লাভজনক করতে প্রয়োজনে রক্ত দেব’
বিমানকে লাভজনক করতে প্রয়োজনে রক্ত দেবেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী একেএম শাহজাহান কামাল। মন্ত্রিত্ব পাওয়ার একদিন পর বৃহস্পতিবার সচিবালয়ে তিনি এ কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, বিমানকে লাভজনক করা খুব কঠিন কাজ নয়। আমি মনে করি, যেহেতু আমি জাতির জনকের সঙ্গে কাজ করেছি; আর এখন আমি কাজ করছি বঙ্গবন্ধুর কন্যার সঙ্গে।…সবার সহযোগিতা আমি চাই।
তিনি বলেন, এই মন্ত্রণালয়কে লাভজনক প্রতিষ্ঠা করার জন্য আমার জীবন দিয়ে হলেও রক্ত দিয়ে হলেও আমি চেষ্টা করব। ৯ মাসে এ মন্ত্রণালয়কে লাভজনক প্রতিষ্ঠান করে দেব। …নতুন পরিকল্পনা নিয়ে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যাব।
বুধবার বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পান লক্ষ্মীপুরের এমপি একেএম শাহজাহান কামাল। এর আগে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়াকে অনেকে ‘আগুনে নিক্ষেপের’ সঙ্গে তুলনা করেন লক্ষ্মীপুরের এই এমপি। তিনি বলেন, আমি সেই আগুনকে পানিতে পরিণত করতে চাই।
এদিন সচিবালয়ে এসে আগের মন্ত্রী মেননের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন কামাল। মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্যের পরও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নতুন মন্ত্রী বলেন, বিমানে চড়লে ঠিকমতো সার্ভিস দেয় না এবং জনগণ বিমানের ভালো সার্ভিস পায় না। এটি বাইরের লোকজন বলেছে। বাইরের বদনামটা আমি শুনছি। আসলে বাইরে যতটুকু শোনা যায়, প্র্যাকটিকেল ততটুকু নয়। এই বদনামকে আমি ধুয়েমুছে সুন্দর করে পরিষ্কার করে দেব।




