প্রেমের অপরাধে ইউপি কার্যালয়ে যুবককে পিটিয়ে হত্যা
প্রেমের করার অপরাধে এক যুবককে ইউনিয়ন কার্যালয়ে শিকল দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। ওই যুবকের নাম ইয়াসিন সর্দার (২৫)।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন কার্যালয়ের ভেতর থেকে শিকল বাঁধা অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, স্বামী পরিত্যক্তা এক নারীর সঙ্গে প্রেম করার অপরাধে ওই যুবককে ধরে ইউনিয়ন কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে ওই যুবককে শিকল দিয়ে ইউনিয়ন কার্যালয়ে বেঁধে নির্যাতন চালায় ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন, ৩ নং ওয়ার্ডের সদস্য আমির গাজী ও ৪ নং ওয়ার্ডের সদস্য সালাম। সারারাত ওই যুবকের ওপর অমানবিক নির্যাতন চলে। রাতের কোনো একসময় ওই যুবকের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের সেকেন্ড অফিসার ইয়াকুব আলী বলেন, ইউনিয়ন কার্যালয়ের ভেতর থেকে শিকল বাঁধা অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।




