‘পরিবারের সঙ্গে কাটবে আজকের দিন’
মিশা সওদাগর। বড়পর্দায় খল অভিনেতা হিসেবে কাজ করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। আজ এই জনপ্রিয় অভিনেতার জন্মদিন। আর নতুন বছরের এই জন্মদিনের সময়টা তিনি কীভাবে কাটাবেন জানতে চাইলে মানবজমিনকে বলেন, সাধারণত পরিবারের সঙ্গে আমার জন্মদিনের সময় কাটে। এবারেও তার ব্যতিক্রম হবে না। তবে সকালে চ্যানেল আইয়ের ‘তারকাকথন’ অনুষ্ঠানে এবং এনটিভির সাপ্তাহিক ‘স্বর্ণালী স্মৃতি’ নামক অনুষ্ঠানে দর্শকরা আমাকে আজ রাত ৯টায় দেখতে পাবেন।
নতুন বছর নিজের সংশ্লিষ্ট সবকিছু নতুন করে সাজাতে চান মিশা। আর চারদিকে অস্থিরতা নয়, শান্তি দেখতে চান বলে জানিয়েছেন তিনি। এদিকে গতবছরের মাঝামাঝি মিশা সওদাগরের চলচ্চিত্র থেকে বিদায় নেয়ার খবর প্রকাশ হয় গণমাধ্যমগুলোতে। এ প্রসঙ্গে এ অভিনেতা বলেন, আমি ভালো স্ক্রিপ্ট পেলে সিনেমায় কাজ অবশ্যই করবো। একদমই যে কাজ করবো না তা কখনো বলিনি। আর ভালো কাজ বা চরিত্র নিয়ে আমার কাছে কোনো নির্মাতা আসলে আমি না করতে পারিনা।
কারণ আমি একজন শিল্পী। সামনে আমার অভিনীত ‘পাষাণ’, ‘জান্নাত’, ‘বাহাদুরি’সহ বেশকিছু ভালো মানের ছবি মুক্তি পাবে। নতুন বছরে দর্শকদের জন্য ভালো কিছু কাজ করে যেতে চাই। নতুন বছর সিনেমা ইন্ডাস্ট্রির আরো উন্নতি চাই। নতুন শিল্পীরাও ভালো কাজ করার চেষ্টা করছেন। নতুন বছরে বেশ কিছু ভালো ছবি নির্মাণ হচ্ছে এবং সামনে আরো ভালো কিছু হবে বলে আশা করছি।
উল্লেখ্য, ১৯৮৬ সাল থেকে মিশা সওদাগর বড়পর্দায় কাজ শুরু করেন। এফডিসি আয়োজিত নতুন মুখ কার্যক্রমে নির্বাচিত হন তিনি। ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেন। এরপর ‘অমরসঙ্গী’ ছবিতেও তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেন। পরবর্তীতে বিভিন্ন পরিচালক তাকে খল চরিত্রে অভিনয়ের পরামর্শ দেন এবং তমিজ উদ্দিন রিজভীর ‘আশা ভালোবাসা’ ছবিতে খল অভিনেতা চরিত্রে অভিনয় শুরু করেন। সেখান থেকেই তার সাফল্য শুরু। এরপর খল অভিনেতা হিসেবে প্রায় ৯০০ ছবিতে অভিনয় করেছেন মিশা সওদাগর।




