190047

নতুন বই না পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

নতুন বই না পেয়ে লালমনিরহাট সদর উপজেলায় অভিমান করে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার দুপুরে উপজেলার কুলাঘাট বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রীর নাম আমিনা খাতুন (১৪)। সে ওই এলাকার আব্দুস সালামের মেয়ে এবং স্থানীয় কুলাঘাট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

নিহতের পরিবার জানায়, এবার ষষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষায় আমিনা খাতুন ফেল করেছে। যে কারণে তাকে বই উৎসবের দিন নতুন বই দেয়া হয়নি।

বুধবার সকালে আমিনাকে বই পাওয়ার আশ্বাস দিয়ে বিদ্যালয়ে পাঠায় তার পরিবার। কিন্তু স্কুলে গিয়ে বই না পেয়ে ক্ষুব্ধ হয়ে বাড়ি ফেরে আমিনা।

পরে সকলের অগোচরে ঘরের ভেতর ঢুকে দরজা লাগিয়ে দেয় সে। তার কোনো সাড়া না পেয়ে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে আমিনার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়া হয়।

তবে বই না পেয়ে আমিনা আত্মহত্যা করেছে এমন অভিযোগ অস্বীকার করে কুলাঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ আরটিভি অনলাইনকে বলেন, আমিনা ষষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষায় ফেল করেছে। যে কারণে উৎসবের দিন তাকে বই দেয়া হয়নি। ফেল করা শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার পর বই দেয়ার কথা ছিল।

তিনি দাবি করেন, অন্য কোনো কারণে হয়তো আমিনা আত্মহত্যা করেছে। বই না পাওয়ার কারণে সে আত্মহত্যা করেনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ad

পাঠকের মতামত