189729

ভিক্ষুক ধরিয়ে দিলেই ৭০০!

ভারতের তেলেঙ্গানা রাজ্যের ঐতিহ্যবাহী শহর ও রাজধানী হায়দরাবাদকে ভিক্ষুকমুক্ত করতে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের কারা কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, ভিক্ষুক হিসেবে কাউকে শনাক্ত করে কেউ খবর দিতে পারলে তৎক্ষণাৎ মিলবে ৫০০ রুপি; যা বাংলাদেশি প্রায় ৭০০ টাকার সমান।

রাজ্য কারা দপ্তরের আইজি ভি কে সিংহ বলেন, রাজ্য সরকার শিগগিরই চালু করতে যাচ্ছে নতুন একটি প্রকল্প ‘বিদ্যাদানম প্রকল্প’। প্রকল্পটি গড়া হচ্ছে ভিক্ষুকদের স্বার্থে। ভিক্ষুকদের কর্মসংস্থান এবং শিক্ষা প্রদানের জন্য এটি গড়া হয়েছে। হায়দরাবাদের পুলিশ ইতিমধ্যে গ্রেটার হায়দরাবাদের রাস্তা থেকে ৭১১ পুরুষ এবং ৩১১ নারী ভিক্ষুককে উদ্ধার করেছে। তবে এর মধ্য থেকে ৪৭৬ পুরুষ এবং ২৪১ নারী ভিক্ষুক ভবিষ্যতে আর ভিক্ষা করবেন না এই শর্তে ছেড়ে দেওয়া হয়েছে। আর বাকিদের পাঠানো হয়েছে হায়দরাবাদের আনন্দ আশ্রমে।

ভি কে সিংহ আরও বলেছেন, সব ভিক্ষুককে এক ছাতার নিচে আনার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। যাতে করে ভিক্ষুকেরা তাদের পরিবার নিয়ে একসঙ্গে থাকতে পারেন। ভিক্ষুকেরা নতুন জীবনের স্বাদ পেতে পারেন। তিনি বলেছেন, কর্মদক্ষ ভিক্ষুকদের জন্য ছয়টি পেট্রলপাম্প এবং ভিক্ষুকদের জন্য ছয়টি গ্রাম গড়ে তোলা হয়েছে। আর যারা শারীরিকভাবে কাজ করতে অক্ষম, তাদের জন্যও গ্রহণ করা হয়েছে বিশেষ প্রকল্প।

যাতে কেউ রাস্তায় বসে ভিক্ষা না করতে পারেন, সেজন্য খুব শিগগিরই প্রশাসনের পক্ষ থেকে ভিখারিদের পরিবারসহ থাকার ব্যবস্থা করে দেওয়া হবে বলেও জানান ভিকে সিং।

প্রসঙ্গত, অন্ধ্র প্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য হওয়ার পর হায়দরাবাদ অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা দুই রাজ্যেরই রাজধানী হিসেবে কাজ করছে।

ad

পাঠকের মতামত