পুলিশি বাধা উপেক্ষা করে ছাত্রদলের সমাবেশ
পুলিশ বাধা দেয়ার পরও রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে সামনে অবস্থান নিয়ে সমাবেশ শুরু করেছে ছাত্রদল। জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেয়ার কথা ছিল।
এদিকে ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতা জানান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ভেতরে আমাদের কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। তবে আমরা গেইটের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করছি।
এর আগে দুপুরে নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, পুলিশ ছাত্রদলের নেতাকর্মীদের ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে প্রবেশ করতে দিচ্ছে না। খালেদা জিয়ার উপস্থিতিতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা বাতিল গণতান্ত্রিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এর মধ্য দিয়ে সরকার আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণে বাধা দিচ্ছে।
এরই মধ্যে বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমানসহ কেন্দ্রীয় নেতাদের অনেকে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন বলে জানা যায়।




