যে কারণে নায়ক জসিমের পরিবারের কাছে ক্ষমা চাইলেন জায়েদ !
বাংলাদেশের চলচ্চিত্রে অ্যাকশন দৃশ্যের প্রবক্তা নায়ক জসিম। দেশকে পাকিস্তানিদের হাত থেকে মুক্ত করার জন্য মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। শুক্রবার দ্বিতীয়বারের মতো হয়ে গেল জনপ্রিয় এই নায়ককে নিয়ে ‘উপহাসের’ জসিম উৎসব। ‘বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম স্মৃতি একাডেমি’ নামে একটি সংগঠন এই অনুষ্ঠানটির আয়োজন করে।
আর এই সংগঠনটির সভাপতি সোহেল হক। নিম্নমানের অনুষ্ঠানটির পাশাপাশি তার বিরুদ্ধে টিকিট বিক্রি করে বহিরাগতদের এফডিসিতে প্রবেশ করতে দেয়ার অভিযোগ উঠেছে।গতকাল সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত হয়েছিল উৎসবটি। শুরু থেকেই অব্যবস্থাপনা চোখে পড়েছে সবার।
নায়ক জসিম স্মরণে অনুষ্ঠানটি হলেও সেখানে জসিমের পরিবারের কেউই উপস্থিত ছিলেন না।এ অনুষ্ঠানটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নায়ক জসিমের ছেলে এ কে রাহুল। এ কে রাহুল বলেন, ‘গত বছর যখন এই অনুষ্ঠান করা হয়েছিল তখন সবাইকে আমি অনুরোধ করে বলেছিলাম, আবার বাবাকে যেন আর অনুষ্ঠানের নামে এভাবে অপমান করা না হয়।
গতকাল আবারও দ্বিতীয় বারের মতো একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আমি মনে করি, এভাবে এফডিসিতে অনুষ্ঠান করে নায়ক জসিমকে অপমান করা হয়েছে।’এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি গতকাল অনুষ্ঠানে গিয়েছিলাম কিন্তু অনুষ্ঠানের অবস্থা এতটা বাজে হবে আমি ভাবতে পারিনি।
আমি আশা করেছিলাম, জসিম ভাইয়ের সঙ্গে যারা কাজ করেছেন তাঁদের দেখতে পাব। পরে জানতে পরলাম এই অনুষ্ঠানের বিষয়ে অনেকেই জানেন না। আমি শিল্পী সমিতির পক্ষ থেকে চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে জসিম ভাইয়ের ছেলে ও তার পরিবারের কাছে লজ্জিত ও ক্ষমা প্রার্থী। এরপর এফডিসিতে আর এমন অনুষ্ঠান করতে দেওয়া হবে না।’




