হজ যাত্রা: মুসলিম নারীদের জন্য মোদির বিশেষ ব্যবস্থা
ভারতীয় মুসলিম নারীদের হজ্ব পালন করতে যেতে হলে সাথে একজন সঙ্গী নিয়ে যাওয়ার বিধান ছিল। অন্যথায় মিলত না হজ্বে যাওয়ার অনুমতি। এবার সেই বিধানকে বাতিল ঘোষণা করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মতে বহু বছর ধরে চলে আসা এই বিধান অবিচারের সামিল। এটি নারী ক্ষমতায়নের পরিপন্থি।
রোববার (৩১ ডিসেম্বর) এক বার্তায় মোদি বলেন, পুরুষ অভিভাবক ছাড়াই মুসলিম নারীরা এবার থেকে হজ যাত্রা করতে পারবে। তাঁর সরকার এই বিধিনিষেধ তুলে দিয়েছে এবং এর ফলে ইতিমধ্যেই কয়েক শতাধিক মুসলিম নারী এককভাবেই হজে যাওয়ার জন্য আবেদন জানিয়েছেন।
এদিকে চলতি বছর দেশটির বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৩০০ নারী হজে যেতে চেয়ে আবেদন জানিয়েছেন। তাঁরা প্রত্যেকেই ‘মেহরাম’ বা অভিভাবক ছাড়াই হজে যেতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন’। এই মুসলিম নারীরা যাতে এককভাবে হজে যেতে পারেন তা নিশ্চিত করতে দেশটির সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়কেও পরামর্শ দিয়েছেন মোদি।




