তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় সুমাইয়া আক্তার (১১) নামের তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত আটটার দিকে আশুলিয়া পলাশবাড়ি বটতলা এলাকার মোখলেস মিয়ার বাড়ির নিচ তলার একটি কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।
সুমাইয়ার বাবা সুলতান মিয়া জানান, আমি এবং ওর মা ও বড় বোন স্থানীয় একটি কারখানায় চাকরী করি । সুমাইয়া একাই বাসায় থাকতো। আজকে দুপুরে সুমাইয়া দরজা লাগিয়ে ভিতরে অবস্থান করছিল। রাতে তার মা বাসায় এসে ভিতর থেকে দরজা বন্ধ দেখতে পায়। পরে জানলা দিয়ে মেয়ের ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়দের ডেকে আনে। এসময় স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা এসে মৃতদেহটি উদ্ধার করে।
মৃত সুমাইয়া জামালপুর জেলার মাদারপুর উপজেলার কান্দনগাড়ি গ্রামের সুলতান মিয়ার মেয়ে। সে স্থানীয় জুয়েল মডেল স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। আশুলিয়া থানার উপ পরিদর্শক( এসআই) নাহিদ হাসান জানান,খবর পেয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে আত্মহত্যার কারণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। লাশটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।










