চট্টগ্রামে ৪ নারী ধর্ষণ : আরো একজন গ্রেফতার
চট্টগ্রামের কর্ণফুলী থানার শাহ মীরপুর বড়উঠান এলাকায় একটি বাড়িতে ডাকাতি ও চার নারীকে ধর্ষণের ঘটনায় আরো একজনকে গ্রেফতারের খবর জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এ মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বেলন, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম শহর থেকে আবু সামা (৪৫) নামে এক ব্যক্তিকে তারা গ্রেফতার করেন।
ওই বাড়িতে ডাকাতি করতে গিয়ে চার নারীকে ধর্ষণের ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ব্যর্থতা স্বীকারের মধ্যে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) থেকে চাঞ্চল্যকর এই মামলাটির তদন্তভার নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আর তদন্তের শুরুতেই পিবিআই দুই জনকে গ্রেফতার করে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বলছে, ওই বাড়ির ডাকাতিতে অংশ নেয়া আরেকজনের মাধ্যমে আবু সামার সাথে মিজানের পরিচয় হয়। ডাকাতির সময় মিজানসহ মোট ৪ জন ওই বাড়িতে প্রবেশ করে।
এ ঘটনায় মামলা নিতে পুলিশের বিরুদ্ধে গড়িমসি করার অভিযোগের পর ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের নির্দেশে কর্ণফুলী থানা পুলিশ প্রায় ৭ দিন পর মামলা নেয়। ওই ঘটনায় ৩ জনকে গ্রেফতারের করে কর্ণফুলী থানা পুলিশ।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর গভীর রাতে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ওই বাড়িতে ডাকাতির সময়ই তিন প্রবাসী ভাইয়ের স্ত্রী ও তাদের এক বোনকে ধর্ষণের ঘটনা ঘটে।









