‘তাঁরা শিল্পীদের কাঁধে বন্দুক রেখে গুলি করেন’
মডেল ও চিত্রনায়ক নিরব বলেছেন, ‘যা হয়েছে এর তীব্র নিন্দা জানাই। এতে দেশের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। যাঁরা এসব করেন তাঁরা শিল্পীদের কাঁধে বন্দুক রেখে গুলি করেন। ওই ঘটনায় শিল্পীদের সম্মান ক্ষুণ্ণ হয়েছে।’
মালয়েশিয়ায় মানবপাচারের অভিযোগে আটক হয়েছেন চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন। চিত্রনায়ক নিরব বলেছেন, ওই ঘটনায় বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হলো। আজ মঙ্গলবার সকালে মালয়েশিয়া থেকে ফিরেছেন নিরব। ‘বাংলাদেশ নাইটসে’ অংশ নেওয়া একঝাঁক তারকার সঙ্গে নিরবও ছিলেন।
দেশে ফিরে কাছে নিজের প্রতিক্রিয়া জানান চিত্রনায়ক নিরব।
গত রোববার আটক হন অনন্য মামুন ও শ্যাম নামের তাঁর এক সহযোগী।
নিরব বলেন, ‘অনেকদিন পর মালয়েশিয়া যাই। সঙ্গে ইমন (মডেল ও চিত্রনায়ক) ছিল। দুজনে বেশ আনন্দ করি, মজা করি। রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে অনন্য মামুনের সঙ্গে কথা হয়। অনুষ্ঠান শেষে জানতে পারি তিনি আটক হয়েছেন।’
নিরব জানান, আজ মঙ্গলবার তাঁর বিবাহবার্ষিকী। এ কারণে ঢাকায় উপস্থিত থাকতে চেয়েছিলেন। এ কারণে চলে আসেন। তিনি আরো জানান, অনন্য মামুনের ঘটনা, সঙ্গে আরো ৫৭ জন আটকের পর কুয়ালালামপুরে বিমানবন্দরের ইমিগ্রেশনে যেতেই ভয় পাচ্ছিলেন তিনি। সেখানে জিজ্ঞাসাবাদের সময় তিনি মোবাইল ফোনে থাকা নিজের অভিনীত চলচ্চিত্রের ট্রেলার দেখান। এরপরই ইমিগ্রেশনের কর্মকর্তারা বেশ সম্মান দেখান তাঁর প্রতি।
নিরব বলেন, ‘ভবিষ্যতে শিল্পীরা এটার জন্য অসম্মানিত বোধ করবে। বিদেশে যাওয়ার সময় যাচাই-বাছাই হবে। এতে হেনস্তার শিকার হতে পারেন শিল্পীরা।’
গত ২৩ ডিসেম্বর কুয়ালালামপুরের পেট্রোনাস টুইন টাওয়ারসংলগ্ন ওয়াসমা এমসিআই হলে বিনোদনী সংস্থা ‘সিনেমাটিকে’র আয়োজনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাংলাদেশ নাইটস’। সেখানে যোগ দিতে চিত্রপরিচালক অনন্য মামুনের সার্বিক তত্ত্বাবধানে ২২ ডিসেম্বর রাতে মালয়েশিয়ায় যান বাংলাদেশের একঝাঁক তারকা। অনুষ্ঠানে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, আঁখি আলমগীর, এইচ এম রানা, ইউছুফ ও ব্যান্ড চিরকুট। গানের সঙ্গে নাচ পরিবেশন করেন চিত্রনায়ক ইমন, নিরব, চিত্রনায়িকা শখ, আইরিন, ভাবনা, আমান ও মিষ্টি। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন চিত্রপরিচালক দেবাশীষ বিশ্বাস ও প্রবাসী সাংস্কৃতিককর্মী আরুণিমা।
অভিযোগ উঠেছে, এই শিল্পীদলের সঙ্গেই আরো ৫৭ জনকে পাচার করেন অনন্য মামুন। যাঁদের সবাইকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া পুলিশ।
সূত্র: এনটিভি অনলাইন




