মাশরাফির জন্য আরো একটি সুখবর
স্পোর্টস ডেস্ক: আরও একটি সুখবর মাশরাফি বিন মতুর্জার জন্য। নিজ জেলা নড়াইলের মানুষের সামগ্রিক উন্নয়নে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের পাশে দাঁড়িয়েছে দেশের জনপ্রিয় বোতলজাত পানির ব্র্যান্ড প্রাণ ড্রিংকিং ওয়াটার। রোববার রাজধানীর মিরপুরে প্রাণ বেভারেজ লিমিটেড ও নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মধ্যে এ লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির ফলে মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনকে আর্থিক সহযোগিতা করবে প্রাণ ড্রিংকিং ওয়াটার। এছাড়া প্রাণ ড্রিংকিং ওয়াটারের বোতলের গায়ে ফাউন্ডেশনের লোগো ব্যবহার করা হবে। এ বিষয়ে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি বিন মর্তুজা ও প্রাণ বেভারেজ লিমিটেড এর নির্বাহী পরিচালক আনিসুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ওই চুক্তিপত্র বিনিময় করেন।
মাশরাফি বলেন, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কল্যাণে পুরো নড়াইল শিক্ষা, স্বাস্থ্য, আইসিটি, পর্যটন, ক্রীড়া ও সংস্কৃতিসহ সব ক্ষেত্রে বদলে যাবে, সেই স্বপ্ন দেখেন তিনি। তার এই স্বপ্ন বাস্তবায়নে প্রাণ ড্রিংকিং ওয়াটার এগিয়ে আসায় এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জানান।
আনিসুর রহমান বলেন, ‘মাশরাফি অনেক বড় হৃদয়ের মানুষ। তার এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। অনুষ্ঠানে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনীক, প্রাণ বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং আতিকুর রহমান ও ব্র্যান্ড ম্যানেজার আবদুল্লাহ আল জাবের উপস্থিত ছিলেন।




