188404

বাঙালি প্রধানমন্ত্রী চান প্রণব

প্রণব মুখোপাধ্যায়। ভারতের ত্রয়োদশ এবং প্রথম বাঙালি রাষ্ট্রপতি। তিনি চান ভারতের প্রধানমন্ত্রী পদেও একজন বাঙালি আসুক। সোমবার পশ্চিমবঙ্গের হাওড়ায় আমতার একটি স্কুলের অনুষ্ঠানে সেই ইচ্ছা ব্যক্ত করেন তিনি।

এ দিন আমতার তাজপুরে এম এন রায় ইনস্টিটিউশনের অনুষ্ঠানেক এসেছিলেন প্রণববাবু। এই স্কুলে তিনি শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন।

বক্তৃতায় তিনি বলেন, ‘আমি রাষ্ট্রপতি হয়েছি ঠিকই। কিন্তু এখনও পর্যন্ত কোনও বাঙালি প্রধানমন্ত্রী আমরা পাইনি। বাঙালিদের জন্য এই পদটি খালি আছে।’

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভারতের আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, এ কথা বলার পরেই তিনি পশ্চিমবঙ্গের প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকর্মের ভূয়সী প্রশংসা করতে থাকেন।

তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে বলেন, ‘রাজ্যের প্রথম নারী মুখ্যমন্ত্রী মমতা কী সুন্দর রাজ্য চালাচ্ছেন। নিজের দলকে শক্তিশালী করেছেন। নিজের মতো করে উন্নয়ন করছেন।’

প্রণবের বক্তৃতার পরপরই শুরু হয় গুঞ্জন। তবে কী তিনি চাইছেন মমতা ভারতের প্রধানমন্ত্রী হোন। জাতীয় রাজনীতিতে বিরোধী নেত্রী হিসেবে ইতিমধ্যেই সক্রিয় হয়েছেন তৃণমূল নেত্রী মমতা।

রাহুল গান্ধীর কংগ্রেস সভাপতি হওয়া এবং গুজরাট নির্বাচনে কংগ্রেসের অগ্রগতি বিজেপি-বিরোধী জোট গঠনের ক্ষেত্রে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা।

তবে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে জোট না গড়ে একা লড়ার যে ইঙ্গিত তৃণমূল নেত্রী দিয়ে রেখেছেন, তাতে এ রাজ্যের ৪২টি লোকসভা আসনের সিংহভাগ জিতে জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান জানান দেওয়াই তাঁর লক্ষ্য বলে দলীয় সূত্রের খবর। অনেকের অভিমত, এই অবস্থায় প্রণববাবুর এ দিনের ইঙ্গিত ঘোলা পানিতে একটু নাড়া দিতে পারে।

ad

পাঠকের মতামত