মর্মান্তিকঃ সৌদি আরবে দুই বাংলাদেশির আত্মহত্যা
সৌদি আরবের পৃথক স্থানে দুই বাংলাদেশি আত্মহত্যা করেছেন। তারা হলেন মো. হেলাল উদ্দীন (৩৫) ও ইকবাল হোসেন (৩২)। একদিনের ব্যবধানে এই ঘটনা ঘটেছে। হেলাল উদ্দীনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া লোহাগড়ার হাতিয়ারপুলের কেরানিপাড়া ও ইকবালের বাড়ি একই জেলার রাঙ্গুনিয়ায়।
স্থানীয় সময় শুক্রবার জেদ্দার বালাদ শহরে প্রবাসী মো. হেলাল উদ্দীন গলায় দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করেন বলে জানান আরেক প্রবাসী মো. আব্দুল মান্নান।তিনি বলেন, “হেলাল ১০ বছর ধরে প্রবাস জীবনযাপন করে আসছিলেন। তিনি ব্যবসা করতেন। পারিবারিক কলহের জের ধরে অসহ্য যন্ত্রণাতাড়িত হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।”
অন্যদিকে স্থানীয় সময় শনিবার দাম্মামের আল খোবার এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির সিলিং ফ্যানের হুক থেকে গলায় দড়ি ঝুলিয়ে ইকবাল হোসেন আত্মহত্যা করেন বলে জানান একই এলাকার আরেক প্রবাসী মো. আজিম।তিনি বলেন, “ইকবাল ৮ মাস আগে সংসারের স্বচ্ছলতার আশায় সৌদি আরব আসেন। অস্বাভাবিক মানসিক চাপ ও কাজকর্মবিহীন দিনাতিপাত করতে গিয়ে সহ্যের সীমা হারিয়ে তিনি আত্মহত্যা করেন।”




