188282

না ফেরার দেশে অভিনেতা পার্থ মুখার্জি

চলে গেলেন অভিনেতা পার্থ মুখোপাধ্যায়। আজ ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
হাসপাতাল সূত্রে জানা যায়, পার্থ মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা বেশ কিছুদিন ধরেই সংকটজনক ছিল। তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। গত ১৭ অক্টোবর বাড়িতে পড়ে গিয়ে আহত হন পার্থবাবু। তারপর তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। কিছুদিন পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। কিন্তু কিছুদিন পর কিডনি ও বার্ধক্যজনিত সমস্যা নিয়ে ফের বেসরকারি হাসপাতালে ভর্তি হন।
ধন্যি মেয়ের বগলা। উত্তম কুমারের ভাইয়ের চরিত্রে দেখা গিয়েছিল পার্থকে।

আজও মানুষ তাঁকে বগা বলেই চেনে। তবে শুধু ধন্যি মেয়ে নয়, বালিকা বধূ, অগ্নিশ্বর, আমার পৃথিবী, বাগবন্দী খেলার মতো ছবিতেও তাঁর অসাধারণ অভিনয় দর্শককে মুগ্ধ করেছিল।
১৯৪৭ সালে জন্ম পার্থ মুখোপাধ্যায়ের। ১৯৫৬ সালে মা ছবি দিয়ে শিশু অভিনেতা হিসেবে অভিনয় জগতে পা রাখেন। তপন সিনহার অতিথি ছবি থেকেই তাঁর অভিনয় দর্শকের মনে ধরতে থাকে। তপন সিনহা ছাড়াও একাধিক পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। শুধু সিনেমা নয়, বেশকিছু ধারাবাহিকেও কাজ করেছেন।

তাঁর স্ত্রী অসীমা মুখোপাধ্যায় বলেন, একমাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিডনির চিকিৎসা চলছিল। গত পরশু ছোটো ব্রেন স্ট্রোক হয়েছিল। তারপরে আজ সকালে হৃদরোগে আক্রান্ত হন। তিনি আরও বলেন, মন্ত্রী অরূপ বিশ্বাসের মাধ্যমে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নিয়েছেন। তাঁর অসুস্থতার বিষয় আমি বিস্তারিতভাবে অরূপ বিশ্বাসকে জানিয়েছি।

ad

পাঠকের মতামত