188081

১০ পরিবারকে ৫ লাখ টাকার চেক দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে নিহত ১০ জনের প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকার চেক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার বিকেলে প্রধানমন্ত্রী নিহত পরিবারের সদস্যদের হাতে এ চেক তুলে দেন। এসময় নিহত পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন। এছাড়া আহতদেরও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এর আগে বিকাল চারটার দিকে মহিউদ্দিন চৌধুরীর চট্টগ্রামের চশমা হিলের বাসভবনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন, স্মরণ করেন তার ত্যাগের কথা।
১৮ ডিসেম্বর চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে মেজবান খেতে গিয়ে রীমা কমিউনিটি সেন্টারের ঢালু স্থানে নামতে গিয়ে পদদলিত হয়ে ১০ জন প্রাণ হারান।

নিহতরা হলেন, মৃত বিনোদবিহারী দাসের ছেলে ঝন্টু দাস (৪৫), রামমোহন দাসের ছেলে কৃষ্ণপদ দাস (৪৫), দীপঙ্কর দাস রাহুল (২৫), ননীগোপাল ভৌমিকের ছেলে অলোক ভৌমিক (৩৬), লালমোহন দাসের ছেলে সুধীর দাস (৪৫), মনোরঞ্জন তালুকদারের ছেলে প্রদীপ তালুকদার (৫০), প্রকৃতিরঞ্জন দে’র ছেলে লিটন দে (৫৩), টিটু (৩২), ধনা শীল (৬৫) ও আশীষ বড়ুয়া।

এ সময় আরও অর্ধশত ব্যক্তি আহত হন। আহতদের অনেকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন, আর বেশ কয়েকজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

কুলখানি উপলক্ষে দোয়া মাহফিল এবং নগরীর ১২টি কমিউনিটি সেন্টারে ৮০ হাজার মানুষের মেজবান আয়োজন করা হয়। এ ঘটনায় ১৯ ডিসেম্বর নিহত ঝন্টু দাসের ভাই অরুণ দাস চকবাজার থানায় একটি অপমৃত্যুর মামলা করেন।

১৪ ডিসেম্বর রাত ৩টায় ৭৪ বছর বয়সে মারা যান চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী। তিনি চট্টগ্রামের ১৬ বছর মেয়র ছিলেন। একাত্তরের এই মুক্তিযোদ্ধা মৃত্যুকাল পর্যন্ত চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

ad

পাঠকের মতামত