নারীর নিরাপত্তায় বাজারে এলো বিশেষ পিস্তল
নারীর নিরাপত্তার কথা মাথায় রেখে ভারত বাজারে এনেছে ‘অশনি এমকে টু’ পিস্তল। দেশটিতে নারীর নিরাপত্তা এবং আত্মরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে কলকাতার দমদমের গান অ্যান্ড শেল কোম্পানির তৈরি পিস্তলটি ওজনে হালকা ও ছোট আকারের। শনিবার শেল ফ্যাক্টরির ব্যবস্থাপক রাজীব চক্রবর্তী ব্যতিক্রমধর্মী এই পিস্তলের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে রাজীব চক্রবর্তী বলেন, দশমিক ৩২ বোরের এই সেমি-অটোমেটিক পিস্তলটি যে কোন নারী খুব সহজে চালাতে পারবে। অন্যান্য পিস্তলের সাথে এর পার্থক্য হচ্ছে এটি চালাতে খুব শক্তির প্রয়োজন হয় না। হালকা করে ট্রিগার টানলেই ঘাতকের মৃত্যু নিশ্চিত। ১৯৯৭ সালে সর্বপ্রথম এই ফ্যাক্টরি থেকে তৈরি হয়েছে অশনি। শুরুতে টানা ২০ বছরে প্রায় ১ লাখ ৫৫ হাজার পিস্তল বিক্রয় হয়। ওই পিস্তলের নতুন ভার্সনের ওজন ৬০০ গ্রাম। রেঞ্জ হচ্ছে ১৮.২৭ মিটার।
তিনি বলেন, ভারত সরকারের কাছে নারীদের নিরাপত্তা সবার আগে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আকারে ছোট হওয়ায় পিস্তলটি নারীরা তাদের ভ্যানিটি ব্যাগে রাখতে পারবেন। প্রথম পর্যায়ে বাজারে প্রায় ৫ হাজার পিস্তল ছাড়া হবে। ৭২ হাজার রুপির এই পিস্তলের ম্যাগজিনে ৮টি পর্যন্ত বুলেট রাখা যাবে। দ্য হিন্দু










