ট্রিপল সেঞ্চুরি মিস নাসিরের
২৭০ রানে অপরাজিত থেকে আগের দিন সাজঘরে ফিরেছিলেন রংপুর বিভাগের নাসির হোসেন। প্রথম শেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির হাতছানি ছিল তার সামনে। কিন্তু মাত্র ৫ রানের জন্য ট্রিপল সেঞ্চুরির দেখা পেলেন না নাসির।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরিয়ানের অভিজাত ক্লাবে এখনও রেকর্ডটা অক্ষত রেখেছেন রকিবুল হাসান। সেই ২০০৬-০৭ মৌসুমে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে তিনশ রান করেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। বরিশালের হয়ে সিলেটের বিপক্ষে করেছিলেন অপরাজিত ৩১৩ রান।
গত বছর ডিসেম্বরে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি দেখা পেয়েছিলেন ডানহাতি ব্যাটসম্যান নাসির। সেবার ২০১ রানে আউট হয়েছিলেন। আর শনিবার (২৩ ডিসেম্বর) বরিশালের বিপক্ষে আউট হলেন ২৯৫ রানে। মাত্র ৫ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরে রংপুর বিভাগের এই ডানহাতি ব্যাটসম্যান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিন ক্রিজে আসেন নাসির। দিন শেষ করেছিলেন ১০১ রানে অপরাজিত থেকে। তৃতীয় দিন আশা জাঘিয়েছিলেন ট্রিপল সেঞ্চুরির। কিন্তু দিন শেষে অপরাজিত থাকেন ২৭০ রানে। তবে শনিবার (২৩ ডিসেম্বর) থেকে দারুণ সতর্ক ছিলেন নাসির।
এদিন শুধু বাজে বলে হাঁকাছিলেন বাউন্ডারি। সালমান হোসেনের এক ওভারে হাঁকান দুটি চার, কামরুল ইসলাম রাব্বিকে একটি। এর বাইরে রান নেন এক-দুই করে।
তবে এ ম্যাচে অভিষিক্ত লিঙ্কনদের কাছে হার মানলেন নাসির। ট্রিপল সেঞ্চুরি থেকে এক শট দূরে থাকা ডানহাতি ব্যাটসম্যান ফিরেন ফজলে রাব্বিকে ক্যাচ দিয়ে। ৬০৩ মিনিট স্থায়ী নাসিরের ৫১০ বলে খেলা ২৯৫ রানের ইনিংসটি ছিল ৩২টি চার ও তিনটি বিশাল ছক্কা। শেষ পর্যন্ত নাসিরের আউটের সঙ্গে-সঙ্গে রংপুরও প্রথম ইনিংস ঘোষণা করে ৬১৪/৭।




