বিনোদন গিনিস বুকে বাংলাদেশের ছেলে
বিনোদন ডেস্ক: গিনিস বুকে নাম লেখালেন বাংলাদেশের ছেলে সুদর্শন দাস। টানা ২৫ দিন (মোট ৫৫৭ ঘন্টা) একটানা তবলা বাজিয়ে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এ নাম লেখালেন চট্টগ্রামের সাতকানিয়ার ছেলে সুদর্শন দাস!
এর আগে টানা ২৭ ঘন্টা ঢোল বাজিয়েও গিনেজ বুকে নাম লেখান তিনি যা এখনও অপরাজিত!
সুদর্শন হাতে চালিত বাদ্যযন্ত্র বিভাগে ভারতীয় বংশোদ্ভূত কুজলমান্নাম রামকৃষ্ণানের গড়া ৫০১ ঘণ্টার রেকর্ড ভেঙেছেন।
সুদর্শন দাসের পিতার নাম অমূল্য রঞ্জন দাশ ও মাতা বুলবুল রাণী দাস। মাত্র ৪ বছর বয়সে তবলায় হাতেখড়ি নেন। ১৯৯১ সালে আন্তঃকলেজ প্রতিযোগিতায় স্বর্ণপদক জেতেন সুদর্শন। ১৯৯২ সালে ভারতের শান্তিনিকেতনে পণ্ডিত বিজন চ্যাটার্জির কাছে তবলা বিষয়ে তালিম নেন। ১৯৯৮ সালে ভারতের বোলপুরের শান্তি নিকেতন থেকে সুদর্শন দাসকে তবলা বিশারদ উপাধি দেওয়া হয়। ২০০৪ সালে যুক্তরাজ্যের লন্ডনে গিয়ে ‘তবলা ও ঢোল’ একাডেমি প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি লন্ডনের নিউহ্যাম কাউন্সিলে আর্ট ও মিউজিক ইন্সট্রাকটর হিসেবে কাজ করছন। তাকে তবলা বিশারদও বলা হয়।
উল্লেখ্য, সুদর্শন দাসের আগে বাঙালি সাতারু ব্রজেন দাস ১৯৫৮ সালে সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এবং ব্রিটিশ বাংলাদেশি সেলিব্রেটি শেফ টিপু রহমান ২০১২ সালে সর্বোচ্চ পাপাডাম টাওয়ার বানিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন।




