রাতের শহরে তরুণীকে গণধর্ষণ করল ৫ নাবালক!
ফের আতঙ্ক ফিরে এল দিল্লিতে। রাতের শহরে ঘটে গেল আরও এক গণধর্ষণের ঘটনা। নৃশংস অত্যাচার চালানো হল ২০ বছরের এক তরুণীর উপর।
শুধু তাই নয়, ৫ জন মিলে নির্মম অত্যাচার চালানোর পর ওই তরুণীকে আবর্জনার স্তূপের কাছে ফেলে রেখে যাওয়া হয় বলে অভিযোগ। বুধবার রাতের নৃশংসতা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে শোরগোল। ধর্ষকরা প্রত্যেকেই নাবালক বলে মনে করা হচ্ছে।
জানা যায়, বুধবার রাত ১০টা নাগাদ ওই আবর্জনার স্তূপের কাছে তিন কিশোরের সামনে পড়ে যান ওই যুবতী। এরপর কাছেই এমসিডি অ্যাপার্টমেন্টের পিছনে ওই যুবতীকে টেনে নিয়ে গিয়ে একে একে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। যুবতীটি চিত্কার করলে, বা কারও এ কথা জানালে তাঁকে খুন করা হবে বলে হুমকি দেয় ধর্ষকরা।
বৃহস্পতিবার দুপুরে এক প্রতিবেশীকে এই ঘটনার কথা জানান ওই যুবতী। এরপরই জাহাঙ্গিরপুরী পুলিশ স্টেশন অভিযোগ দায়ের করা হয়। তাঁর মেডিক্যাল পরীক্ষা-নীরিক্ষা করার পর গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে। শুক্রবার ম্যাজিস্ট্রেটের সামনে তাঁর জবানবন্দি রেকর্ড করা হবে। তাঁকে কাউন্সেলিং করছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
উত্তর-পূর্ব দিল্লির ডিসিপি আসলাম খান জানিয়েছেন অভিযুক্তদের আটক করা হয়েছে। তারা ধর্ষিতার পাড়াতেই থাকে এবং ধর্ষিতার পরিবারের পরিচিত। অভিযুক্তরা স্কুল-ড্রপ আউট, তারা ওই গারবেজ ডাম্পে পার্ট টাইম কাজ করত বলে জানা গিয়েছে। যদি দেখা যায় তারা সাবালক, তবে তাদের ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হবে।




