‘পরীমণি তার অভিনয়গুণের বিস্ফোরণ ঘটিয়েছেন’
রুপালি জগতে নাম লেখানোর আগেই আলোচনায় চলে আসেন। ফিল্ম পাড়ায় পা দিয়ে জড়ান কিছু সমালোচনায়। আর এরকম আলোচনা ও সমালোচনাকে ছাপিয়ে গত তিন বছরে কয়েক হালি ছবি মুক্তি পেয়েছে তার। ভালো-মন্দ মিলিয়ে উতরে গেলেও এবার সত্যি সত্যি ডানা মেললেন তিনি। বলছি পরীমণির কথা। এবার যেন খুঁজে পেলেন নিজের নামের সার্থকতা। যে ছবিকে পুঁজি করে এমনটা হলো তা হচ্ছে—‘অন্তরজ্বালা’। মুক্তির আগে পরীমণি বলেছিলেন, মালেক আফসারী পরিচালিত এ ছবিতে কোনো নায়ক-নায়িকা নেই। আছে অভিনেতা-অভিনেত্রী।
পর্দায় ওঠার পর সত্যি সত্যিই সে কথাটি খুঁজে পাওয়া গেল। একটি ছবিকে ঘিরে আলোচনা-সমালোচনা ও নানা তর্ক-বিতর্ক থাকবেই। এটাই তো একটি ছবির ‘প্রভাবতা’। কিন্তু বেশির ভাগ চলচ্চিত্রবোদ্ধাও বলেছেন, অন্তরজালায় পরীমণি তার অভিনয়গুণের বিস্ফোরণ ঘটিয়েছেন। এটাও সত্য যে, ‘মহুয়া সুন্দরী’, ‘আরও ভালোবাসবো তোমায়’ এবং ‘রক্ত’ সিনেমাতেও তার যথেষ্ট দক্ষতা চোখে পড়েছে। কিন্তু সব কিছু ছাপিয়ে পরীর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট এই অন্তরজ্বালা।
বিশেষ করে ছবির ক্লাইমেক্সে তার ‘ন্যাচারাল’ অভিনয় সত্যিই দর্শক সারিতে মনে ধরেছে। অন্যদিকে, আজ মুক্তি পাচ্ছে পরীমণি অভিনীত ‘ইনোসেন্ট লাভ’। এতে তার বিপরীতে রয়েছেন ‘জেফ’। ছবিটি প্রায় আড়াই বছর ক্যামেরাবন্দী হয়েছে। এতদিন পর মুক্তি পাচ্ছে রোমান্টিক অ্যাকশনধর্মী ছবিটি।
অর্থাৎ বছর শেষে দর্শকদের জোড়া ছবি উপহার দিলেন পরীমণি। এ ‘ডাবল ধামাকা’ নিয়ে বাংলাদেশ প্রতিদিনকে পরীমণি বলেন, ‘অন্তরজ্বালা’ নিয়ে যে প্রত্যাশা ছিল তার কয়েকগুণ প্রত্যাশা দর্শক আমাকে ফিরিয়ে দিয়েছে। এখন দায়িত্ব আরও বেড়ে গেল। এ ছাড়া সহকর্মী হিসেবে জায়েদ খান যে সহযোগিতা করেছেন সেটাও এ সফলতাকে তরান্বিত করেছে। এ ছাড়া ‘ইনোসেন্ট লাভ’ নিয়ে তিনি বলেন, প্রায় তিন বছর আগে শুটিং শুরু হয়েছিল ছবিটির। এতে সম্পূর্ণ ভিন্ন লুকে দেখা যাবে আমাকে। আশা করি, রোমান্টিক এ ছবিটিও দর্শকরা সানন্দে গ্রহণ করবে। উৎস: বিডি-প্রতিদিন।




