‘মেশিনে দুইডা টিপ দিছি, কয় ভোট হয়য়া গ্যাছে’
‘আমি পড়াশোনা না জানা মানুষ। এই কেন্দ্রে আইছি। মেশিনে দুইডা টিপ দিছি, কয় ভোট হয়য়া গ্যাছে। ক্যামনে কি অইলো বুঝি নাই।’ এভাবেই ইভিএম মেশিনে ভোট প্রদান নিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন ষাটোর্ধ্ব আসলাম হোসেন।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নিউ শালবন ও শালবন এলাকার দুই হাজার ৫৯ ভোটারের জন্য ১৪১ নম্বর কেন্দ্রটিতেই শুধু ইভিএম ব্যবহার হচ্ছে।
আসলাম হোসেন বলেন, মেশিনে প্রথম হওয়ায় একটু জটিল লেগেছে।তয় টাইম লাগে নাই। এটা ভালো।
আসলামের সঙ্গে থাকা রবিউল নামের আরেক ভোটার বলেন, ‘একটুও দাঁড়ায়া থাকোন লাগে নায়। ভালো লাগেছে।’
আরেক ভোটার মফিজুর রহমান জানান, কোনো ঝামেলা নেই। তবে ভোটের আগে এ বিষয়ে প্রশিক্ষণ দিলে ভালো হতো। কাগজ কালির সিস্টেম ছেড়ে মেশিনের সিস্টেমে আসতে গ্রামের মানুষ একটু সময় লাগবে।
এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, ‘ইভিএমে ভোটের কারণে কাউকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না।’
তিনি জানান, সকাল থেকে এ পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট ভোটার ২০৫৯ জন।
এদিকে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে কয়েকটি ভোট কেন্দ্রে সাংবাদিকদের ঢুকতে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অনেক ভোট কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ। যদিও নির্বাচন কমিশন ও মহানগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে বলা হয়েছে, এ সংক্রান্ত কোন নিষেধাজ্ঞা নেই। সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা দেয়া হলেই ব্যবস্থা নেয়ার কথা বলা হয় ইসির পক্ষ থেকে।
বিভিন্ন কেন্দ্রে কর্তব্যরত পুলিশ সদস্যরা বলেন, ওপরের নির্দেশে সাংবাদিকদের কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না। তারা শুধুমাত্র ওপরের নির্দেশ বাস্তবায়ন করছেন। এসব ঘটনাকে নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাকবিতণ্ডা হয়।
নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে রয়েছেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের সরফুদ্দিন আহমেদ ঝন্টু, লাঙল প্রতীকে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান, ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী কাওছার জামান, মই প্রতীকে আব্দুল কুদ্দুস, হাতপাখা নিয়ে এটিএম গোলাম মোস্তফা, আম প্রতীকে সেলিম আখতার ও হাতি প্রতীকে হোসেন মকবুল শাহরিয়ার।
এ নির্বাচনে ৩ লাখ ৮৮ হাজার ৪২১ জন ভোটার তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে রয়েছে ১ লাখ ৯৬ হাজার ৬৫৯ জন পুরুষ ভোটার এবং ১ লাখ ৯১ হাজার ৭৬২ জন নারী ভোটার।
সূত্র: আরটিভি




