‘শেষ উইকেটের আগে গেইল বারবার বোলিং চাচ্ছিল’
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে ব্যাটে ঝড় তোলার পর শেষ ওভারে বল করেছিলেন রংপুর রাইডার্সের ক্রিস গেইল। অথচ শুরু থেকেই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে বোলিং দেওয়ার জন্য অনুরোধ করছিলেন উইন্ডিজ এই ক্রিকেটার। কিন্তু কোন সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে কোন ঝুঁকি নিতে চাননি মাশরাফি। জয় নিশ্চিত হওয়ার পর শেষ ওভারে গেইলের হাতে বল তুলে দিয়েছেন।
বিপিএলের পঞ্চম আসরের পর্দা নেমেছে ১২ ডিসেম্বর। কিন্তু ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে শিরোপা জিতে নেওয়া রংপুরের ব্যাপারে এখনও আগ্রহ কমেনি সমর্থকদের। গেইল পরীক্ষিত বোলার হয়েও কেন শেষ ওভারে বোলিং পেলেন এ নিয়ে কম প্রশ্ন ওঠেনি। শেষপর্যন্ত এক সাক্ষাতকারে রহস্যের জাল ছিঁড়েছেন সফলতম অধিনায়ক মাশরাফি। তিনি জানিয়েছেন, গেইল শেষ উইকেটের আগে থেকে বারবার বোলিং করার জন্য বলছিল। কিন্তু জয় নিশ্চিত না করে তিনি বোলিংয়ে পাঠাননি ক্যারিবিয়ান ক্রিকেটারকে।
এক সাক্ষাতকারে মাশরাফি বলেন, ‘ও আমাকে বারবার বলছিল, ‘‘শেষ উইকেট আছে। মাত্র এক বল আছে। তুমি কেন আমাকে বল করতে ইচ্ছ না? কেন বিশ্বাস করছ না আমাকে!’’ আমি বলেছিলাম ১৯তম ওভারেও তাকে বোলিং দেব না। যখন নিশ্চিত হব শেষ ওভারে ৩৬ এর বেশি রান লাগবে তখনই হাতে বল দেব। তারপর তো শেষ ওভারে বোলিং দিলাম।’
উইকেট পাননি গেইল। কিন্তু ডানহাতি এই স্পিনার বিপাকে ফেলেছিলেন প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের। ব্যাট হাতে ১৪৬ রানের রেকর্ড ইনিংস খেলার পর বল হাতে খরচ করেছিলেন মাত্র দুইটি রান।




