187006

ফ্রি মিষ্টি খাওয়াবেন নায়িকা মিষ্টি জান্নাত

ইদানিং ব্যবসা নিয়ে ব্যস্ত অভিনেত্রী মিষ্টি জান্নাত। ফ্যাশন হাউসের পর এবার রেস্তোরাঁ ব্যবসা শুরু করেছেন তিনি।

সিনেমার মানুষ তিনি, মনে প্রাণে সিনেমাকে ধারণ করেন। আর তাই ‘সিনে ক্যাফে’ রেস্তোরাঁটি একেবারেই চলচ্চিত্রের আদলে সাজিয়েছেন। এই রেস্তোরাঁয় এলেই মানুষের মাঝে একটা ফিল্মি ভাব চলে আসবে। চলচ্চিত্র নিয়ে কথা বলবে, ভাববে। নতুন ব্যবসা সম্পর্কে এমনটাই জানালেন মিষ্টি জান্নাত।

রেস্তোঁরার খাবার প্রসঙ্গে মিষ্টি বলেন, ‘আমার এখানে চায়নিজ, ইন্ডিয়ানসহ সব ধরনের খাবার থাকবে, তবে বিশেষ দিনগুলোতে বিশেষ খাবার থাকবে। যেমন পয়লা বৈশাখে পান্তা ইলিশ ও বাংলা খাবারের আয়োজন থাকবে। আবার স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ফাল্গুনসহ বাঙালির বিশেষ দিনগুলোতে আমরা বিশেষ ব্যবস্থা রাখব।’

তিনি আরো বলেন, ‘আমার এখানে যারা খেয়ে যাবেন তাদের জন্য খাবারের পর মিষ্টি ফ্রি, মানে ডেজার্ট ফ্রি খাওয়াব।’

একটু ভিন্ন আঙ্গিকে রেস্তোরাঁটি সাজিয়েছেন, যাতে করে এখানে আগত ক্রেতা-ভোক্তারা পারিবারিক একটা আবহ খুঁজে পান। শুধু ব্যবসায়ের উদ্দেশে নয়, এর মাধ্যমে সুন্দর পরিবেশে স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা দেয়ার চেষ্টা থাকবে বলেও জানিয়েছেন তিনি।

মিষ্টি ও তার ভাই পরিচালক সজল আহমেদসহ তিনজন অংশীদার মিলে ‘টেল টেল’ নামে একটি কোম্পানি গঠন করেছেন। এই কোম্পানি আওতায় তারা ধানমণ্ডির ২ নম্বর সড়কে ‘সিনে ক্যাফে’ রেস্তোরাঁটি চালু করেছেন। এছাড়াও গুলশান ১ এ অবস্থিত পুলিশ প্লাজায় গত নয় মাস আগে ‘জান্নাত এক্সপ্রেস’ নামে তার নতুন একটি ফ্যাশন হাউসের যাত্রা শুরু হয়েছে।

২০১৪ সালে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হয় মিষ্টি জান্নাতের। ২০১৫ সালে ‘চিনি বিবি’ ছবির মাধ্যমে আলোচনায় আসেন। চলতি বছরে মুক্তি পায় তার অভিনীত চলচ্চিত্র ‘তুই আমার’।

ad

পাঠকের মতামত