কুলখানিতে পদদলিত হয়ে নিহত ১০ জনের মধ্যে ৯ জনই হিন্দু
চট্টগ্রামের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এবি এম মহিউদ্দিন চৌধুরীর কুলখানি অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহতদের মধ্যে নয়জনই হিন্দু মারা গেছেন। অপর ব্যক্তি বৌদ্ধ বলে জানা গেছে।
এ ছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক। এদের মধ্যে ১০-১২ জন চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ সোমবার দুপুরে চট্টগ্রাম নগরীর জামালখান রীমা কমিউনিটি সেন্টারে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ঝণ্টু দাস, সুবির, টিটু, লিটন দাস, প্রদীপ তালুকদার, কৃষ্ণপদ, সুজিত দাস, জোনাকি, দুলাল ও আশিষ বড়ুয়া।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক জানান, আহত ২০-২৫ জনকে চমেক হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসক ১০ জনকে মৃত ঘোষণা করেন।
আরও ৩-৪ জন আশঙ্কাজনক বলেও চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে জানান তিনি।
এ ব্যাপারে সিএমপি কমিশনার ইকবাল বাহার জানিয়েছেন, বিশৃংখলা ও হুড়াহুড়ির কারণে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে সিএমপি কমিশনার বলেন, নিরাপত্তার কোনো ঘাটতি ছিল না।
জানা গেছে, মহিউদ্দিন চৌধুরীর কুলখানি উপলক্ষে আজ নগরীর ১৪টি স্থানে মেজবানের আয়োজন করা হয়। এর মধ্যে জামালখান এসএস খালেদ রোডে অবস্থিত রীমা কমিউনিটি সেন্টারে হিন্দু ও সংখ্যালঘু অন্য সম্প্রদায়ের লোকজনের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। সবাই একযোগে কমিউনিটি সেন্টারের প্রবেশ পথ দিয়ে ঢোকার চেষ্টা করে। এ সময় ভিড়ের কারণে অনেকে পড়ে গেলে পদদলিত হয়ে এ দুর্ঘটনা ঘটে।
সূত্র: কালের কন্ঠ




