‘নোলক’ ছবির কাজ শেষ করেই শ্রাবন্তীর সঙ্গে দুটি ছবিতে কাজ করব
যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’-তে ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান ও কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী একসঙ্গে প্রথম অভিনয় করেন। ২০১৬ সালে বাংলাদেশে ছবিটি মুক্তি পাওয়ার পর ব্যবসায়িকভাবে বেশ সফলতা পায়। দীর্ঘ এক বছর পর আবারো নতুন দুটি ছবিতে তারা একসঙ্গে কাজ করতে যাচ্ছেন বলে জানিয়েছেন শাকিব খান। তিনি বর্তমানে ‘নোলক’ নামে একটি ছবির কাজে ভারতের হায়দরাবাদে অবস্থান করছেন। সেখান থেকে তিনি মুঠোফোনে বলেন, ‘নোলক’ ছবির কাজ শেষ করেই শ্রাবন্তীর সঙ্গে দুটি ছবিতে কাজ করব। একটির নাম ‘বয়ফ্রেন্ড’।
আর অন্যটির নাম এখনও চূড়ান্ত হয়নি। ‘বয়ফ্রেন্ড’ ছবিটি বাংলাদেশের পরিচালক উত্তম আকাশ ও নাম চূড়ান্ত না হওয়া ছবিটি পরিচালনা করবেন ভারতের একজন পরিচালক। শাকিব আরো বলেন, ‘শিকারী’ ছবিটি মুক্তির পর দর্শকরা আমাদের ছবি দারুণভাবে পছন্দ করেন। আমার বিশ্বাস, সামনের নতুন দুটি ছবিও ভালো কিছু হবে। নতুন বছর থেকে এ ছবিগুলোর কাজ শুরু হবে বলেও জানান শাকিব খান। এদিকে, শাকিব খান কিছুদিন আগে উত্তম আকাশের পরিচালনায় ‘আমি নেতা হব’ ও ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’ নামে দুটি ছবির কাজ করেন।
এ দুটি ছবিতে তার বিপরীতে যথাক্রমে বিদ্যা সিনহা মিম ও শবনম বুবলী কাজ করেছেন। এরমধ্যে ‘আমি নেতা হব’ এর কাজ শেষ হয়েছে। আর রাশেদ রাহার নতুন ছবি ‘নোলক’-এ শাকিবের বিপরীতে অভিনয় করছেন ববি। উল্লেখ্য, শাকিব খান সাম্প্রতিক সময়ের বেশ কিছু ছবিতে শারীরিক গঠন, লুক, নাচ ও পোশাক-আশাকে এনেছেন বেশ পরিবর্তন। আর বাংলাদেশের শীর্ষ নায়িকাদের পাশাপাশি কলকাতার শ্রাবন্তী, শুভশ্রী, নুসরাত ও সায়ন্তিকার মতো সুপার তারকা অভিনেত্রীদের সঙ্গে বর্তমানে কাজ করছেন তিনি। উৎস: মানবজমিন।









