183848

তারেক মাসুদের পরিবারকে সাড়ে ৪ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ

সড়ক দুর্ঘটনায় নিহত খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের পরিবারকে ৪ কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৪৫২ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের যুগ্ম-বেঞ্চ এ রায় দেন।
.
বাস মালিক, চালক ও ইনস্যুরেন্স কোম্পানিকে এই ক্ষতিপূরণের টাকা দিতে হবে। তিন মাসের মধ্যে ওই অর্থ দিতে রায়ে নির্দেশ হয়েছে।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার ড. কামাল হোসেন, ব্যারিস্টার সারা হোসেন ও তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ।

উল্লেখ্য, সিনেমার লোকেশন পছন্দ করে ফেরার পথে ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বাসের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাস আরোহী তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। দুর্ঘটনায় নিহত বাকি তিনজন হলেন- মাইক্রোবাসের চালক মুস্তাফিজ, তারেক মাসুদের প্রোডাকশন ম্যানেজার ওয়াসিম ও কর্মী জামাল।

এ দুর্ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। চলতি বছর ফেব্রুয়ারি মাসে মানিকগঞ্জের আদালত ওই বাসের চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও সেখানে ক্ষতিপূরণের বিষয়টি আসেনি।

দুর্ঘটনার দেড় বছর পর ২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারি নিহতদের পরিবারের পক্ষ থেকে মোটরযান অর্ডিনেন্সে ১২৮ ধারায় বাসমালিক, চালক ও ইনস্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মানিকগঞ্জে মামলা করা হয়।

পরে বাদীপক্ষের আবেদনে জনস্বার্থে মামলা দুটি হাইকোর্টে স্থানান্তর করা হয়। এর মধ্যে তারেক মাসুদের মামলার শুনানি শেষে রায় হলো। মিশুক মুনীরের পরিবারের মামলার শুনানি মুলতবি রাখা হয়েছে।

ad

পাঠকের মতামত