183696

কবরস্থানের পাশে পুঁতে রাখা গৃহবধূর গলিত মরদেহ উদ্ধার

নওগাঁর নিয়ামতপুরে নিখোঁজের দেড় মাস পর এক গৃহবধূর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার উত্তরবাড়ীর উত্তর দিকের গোরস্থানের পাশে একটি পুকুরের পাড় থেকে পুঁতে রাখা বস্তাবন্দী গলিত মরদেহ উদ্ধার করা হয়।
.
জানা গেছে, আড়াই মাস আগে উপজেলার নিয়ামতপুর উত্তরবাড়ীর রাশেদ মেনন রুমির ছেলে শাহরিয়ার শাওন (১৯) একই গ্রামের আবুল হোসেনের মেয়ে আলেমাকে (১৯) পালিয়ে বিয়ে করে ঢাকায় অবস্থান করতেন। এক মাস ১২ দিন পর তারা বাড়িতে ফিরে আসেন। এর কয়েক দিন পর আলেমা নিখোঁজ হন। কোথাও খুঁজে না পেয়ে আলেমার পরিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ উত্তরবাড়ীর উত্তর দিকের গোরস্থানের পাশের একটি পুকুরের পাড় থেকে শনিবার বিকেলে মাটিতে পুঁতে রাখা বস্তাবন্দী গলিত লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে শাহরিয়ার শাওন, তার বাবা রাশেদ মেনন রুমি, মা সুলতানা রাজিয়া ও চাচা নাহিদ রেজা রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিখোঁজ আলেমার ভাই শরীফ বলেন, আমার বোন আলেমা আড়াই মাস আগে শাওনের সাথে পালিয়ে ঢাকায় গিয়ে বিয়ে করে। এক মাস ১২ দিন পর তারা বাড়িতে ফিরে আসে। এর কয়েক দিন পর ভোরে আমার বোন বাড়ি থেকে আবারো পালিয়ে যায়। আমরা মনে করেছিলাম ছেলের সাথে সে আবারো চলে গেছে। তাই নিশ্চিন্ত ছিলাম। কিন্তু কয়েক দিন আগে জানতে পারি ছেলের সাথে আমার বোন নেই। তখন আমরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করি। কোথাও না পেয়ে থানায় অভিযোগ দায়ের করি।

এ বিষয়ে নিয়ামতপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আমরা অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে নিয়ামতপুর উত্তরবাড়ীর উত্তরদিকে গোরস্থানের পাশের একটি পুকুর পাড়ে পুঁতে রাখা বস্তাবন্দি গলিত মরদেহ উদ্ধার করি। জিজ্ঞাসাবাদের জন্য ছেলে, ছেলের বাবা, ছেলের মা ও ছেলের চাচাকে থানায় নিয়ে আসা হয়েছে। রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখার সময় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা ও তদন্ত না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলতে পারছেন না বলে জানান থানার ওসি।

ad

পাঠকের মতামত