আপনারা বাবাকে ক্ষমা করে দেবেন: নাভিদুল হক
আমার বাবা একজন অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার কাছে শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল সবার আগে। বাবা কখনো কারো বিরুদ্ধে কিছু বলতেন না। বাবা দেশকে, দেশের মানুষকে ভালোবাসতেন।
.
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসি) মেয়র আনিসুল হকের জানাজ শুরুর আগ মুহূর্তে বাবার হয়ে সবার কাছে ক্ষমা চাইতে গিয়ে ছেলে নাভিদুল হক এসব কথা বলেন।
শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে ডিএনসিসি মেয়র আনিসুল হকের জানাজা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার লন্ডনে চিকিৎসাধীন অবস্থা মারা যান তিনি।
মুসলিম রীতি অনুযায়ী জানাজার আগে বাবার হয়ে ক্ষমা চেয়ে নাভিদুল বলেন, ‘কর্মক্ষেত্রে কিংবা অন্য কোথাও আমার বাবা যদি কোনো দিন কাউকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে আপনারা আমার বাবাকে ক্ষমা করে দেবেন।’
এসময় তিনি বলেন, ‘দেশ এবং দেশের বাইরে থেকে আমার বাবার জন্য যারা দোয়া করছেন, তাদের সাবার কাছে আমি কৃতজ্ঞ। কষ্ট করে আজ আপনার এখানে বাবাকে শ্রদ্ধা জানাতে এসেছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।’
জানাজা শেষে বনানী কবরস্থানে দাফনের উদ্দেশে নিয়ে যাওয়া হয় ডিএনসিসি’র প্রথম ও জনপ্রিয় এই মেয়রের জাতীয় পতাকা মোড়ানো মরদেহ। সেখানে ছেলে শারাফুল হকের কবরে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।










