আজমিকে বিয়ে করলেন মডেল ইমি
দুজনই র্যাম্পের মডেলিংয়ের সঙ্গে জড়িত। দুজনই ব্যক্তিগত ক্যারিয়ারে প্রতিষ্ঠিত। আর তাইতো জীবন তরীতে যুগল হলেন এই দুই মডেল। পরিচয়ের এক বছরের মাথায়ই বন্ধু ও সহকর্মী রিফাত আবদুল্লাহ আজমিকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী র্যাম্প মডেল শাবনাজ সাদিয়া ইমি।
গতকাল শুক্রবার রাতে রাজধানীর বেইলি রোডের এক রেস্তোরাঁয় বন্ধু-বান্ধব, পরিবার ও আত্মীয়স্বজনদের উপস্থিতিতে পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।
আজমির সঙ্গে নতুন ইনিংস শুরু করতে যাওয়ার আগে নিজের বিয়ে নিয়ে উচ্ছ্বসিত ইমি গণমাধ্যমকে বলেন, ‘এক বছর আগে আজমির সঙ্গে আমার পরিচয়। সেখান থেকে বন্ধুত্ব, ভালোবাসা। আমি আর আজমি ভালো বন্ধু। আমাদের বোঝাপড়াও ভালো। মতের মিলও অনেক। আমাদের জন্য দোয়া করবেন।’
অল্প সময়ের আয়োজনে বিয়ে করে ফেলায় কাছের অনেককেই জানাতে পারেননি। তাই খুব শিগগিরই সবাইকে নিয়ে বিয়ের অনুষ্ঠান করা হবে বলেও জানান ইমি।
উল্লেখ্য, অসংখ্য নাটকে অভিনয়ের পাশাপাশি র্যাম্প মডেলিংয়েও ব্যাপক জনপ্রিয়তা পান ইমি। দেশে ও দেশের বাইরে বিভিন্ন র্যাম্প শোতে অংশ নিয়ে নন্দিত হন এই গুণী শিল্পী। অন্যদিকে তার বর রিফাত আবদুল্লাহ আজমি ২০১৪ সালে চ্যানেল আই আয়োজিত ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান সুপার স্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম ১৫ জনের মধ্যে জায়গা করে নেন। র্যাম্প মডেলিংয়েও জড়িত আজমি।










