অবশেষে বিপিএলে ফিরলেন মোস্তাফিজ
দীর্ঘ প্রতীক্ষা শেষে অবশেষে বিপিএলে ফিরলেন মোস্তাফিজুর রহমান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে রাজশাহী কিংসের জার্সিতে এবারের আসরে প্রথমবার মাঠে নামছেন ‘কাটার মাস্টার’।
রাজশাহী নিজেদের অষ্টম ম্যাচে এসে দলের গুরুত্বপূর্ণ এই ক্রিকেটারকে পেয়ে স্বাভাবিকভাবেই উজ্জীবিত। যদিও টস জিতে রাজশাহী ব্যাটিং নেওয়ায় মোস্তাফিজ জাদু দেখতে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ক্রিকেটপ্রেমিদের।
বরিশাল বুলস আইকন ক্রিকেটার হিসেবে নিয়েছিল মোস্তাফিজকে। কিন্তু আর্থিক ঝামেলায় ফ্র্যাঞ্চাইজিটি বিপিএলে নিষিদ্ধ হওয়ার পর শেষ পর্যন্ত ‘লটারি’ ভাগ্যে তাকে পায় রাজশাহী। বিপিএলের শুরু থেকে রাজশাহীর ক্যাম্পেই ছিলেন মোস্তাফিজ। কিন্তু দল ৭ ম্যাচ খেললেও তার খেলা হয়নি চোটের কারণে। বৃহস্পতিবার রাজশাহী তার ভক্তদের সুসংবাদ দেয়, শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ফিরছেন তিনি।
বৃহস্পতিবার ও শুক্রবার দলের সঙ্গে বোলিং অনুশীলন করেছিলেন মোস্তাফিজ। সেখানে কোনও সমস্যা পাওয়া যায়নি বলেই ম্যাচে খেলার অনুমতি পেয়েছেন বাঁহাতি এই পেসার। সামনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থাকায় বাংলাদেশের সেরা এই বোলারকে সাবধানে খেলাতে চায় বিসিবি।
৭ ম্যাচে খেলে ফেলা রাজশাহী পয়েন্ট টেবিলে মোটেও ভালো জায়গায় নেই। মাত্র দুটিতে জিতে ছয় নম্বরে ড্যারেন স্যামির দল। মোস্তাফিজ ফেরায় দল খারাপ অবস্থা থেকে মুক্তি পাবে, এমটাই আশা রাজশাহী সমর্থকদের।
বিপিএলের চতুর্থ আসরেও ইনজুরির কারণে খেলতে পারেননি মোস্তাফিজ। তৃতীয় আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১০ ম্যাচে ১৪ উইকেট নিয়ে আলো ছড়িয়েছিলেন তিনি। এবার শুরু থেকে খেলার আশা করছিলেন এই তরুণ পেসার। কিন্তু ইনজুরিতে সেই আশা শেষ হয়ে যায় মোস্তাফিজের। দক্ষিণ আফ্রিকা সফরে কেবল দুটি টেস্ট খেলতে পেরেছিলেন তিনি। গোড়ালির ইনজুরিতে এরপর সীমিত ওভারের সিরিজ না খেলে ফিরতে হয় দেশে। সেরে ওঠার লড়াইয়ে লম্বা সময় দিতে হচ্ছে বাংলাদেশি পেসারকে।










