181370

শাস্তি হল তামিম ইকবাল ও লিটন দাসের


চলতি বিপিএলের পঞ্চম আসরের শুরু থেকেই বিভিন্ন ঘটনায় শাস্তি পেতে হচ্ছে ক্রিকেটার এমনকী দলগুলোকে। গতকাল শনিবারের দ্বিতীয় ম্যাচে শাস্তির ঘটনা ঘটল দুটি।

রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচটিতে আম্পায়ারের সিদ্ধান্তে দৃষ্টিকটুভাবে অসন্তুষ্টি প্রকাশ করায় শাস্তি পেতে হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক তামিম ইকবাল ও উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাসকে।

রংপুরের রান তাড়ায় ১৭তম ওভারে রশিদ খানের বলে রবি বোপারার বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। উইকেটের আশেপাশে থাকা কুমিল্লার সব ফিল্ডার আবেদন জানায়। কিন্তু আবেদনে সাড়া দেননি আম্পায়ার র‌্যানমোর মার্টিনেজ। এরপর রাগে মাটিতে বল ছুড়ে মারেন লিটন। আম্পায়ারের দিকে তেড়ে যান তামিম। দুজনের শরীরী ভাষাই ছিল আপত্তিজনক। যে কারণে লিটন ও তামিমের প্রতিক্রিয়া আম্পায়ারদের কাছে গ্রহণযোগ্য ছিল না।

ম্যাচ শেষে আম্পায়াররা অভিযোগ করলে ম্যাচ রেফারির কাছে দায় স্বীকার করে নেন তামিম ও লিটন।

তাই আনুষ্ঠানিক শুনারির প্রয়োজন পড়েনি। শাস্তি হিসেবে দুজনকেই গুনতে হবে ম্যাচ ফির ৫০ শতাংশ। পাশাপাশি দুজনের নামের পাশে যোগ হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট। আর মাত্র ১টি ডিমেরিট পয়েন্ট পেলেই এক ম্যাচের নিষেধাজ্ঞা পাবেন এই দুজন! এছাড়া সিলেট সিক্সার্সের সাব্বির রহমানও একই বিপদের সন্মুখীন।

ad

পাঠকের মতামত