181389

বুবলীর ক্ষেত্রে ব্যতিক্রম কেন?


সংবাদ পাঠিকা থেকে ঢাকাই ছবির নায়িকা হয়ে বাজিমাত করা নায়িকার নাম শবনম বুবলী। সোমবার এই লাস্যময়ী জন্মদিন।

অনেকটা ঘরোয়াভাবেই উদযাপন করা হবে এ দিনটি। এমনটাই জানালেন বুবলী।

সিনেমায় নাম লেখানোর পর অর্থাৎ ‘ঢালিউডি নায়িকা’র তকমা গায়ে জড়ানোর পর এটি বুবলীর তৃতীয় জন্মদিন। আগের দুইটি জন্মদিনেও ছিল না তেমন কোনো জমকালো আয়োজন। অথচ ভক্তরা চান রূপালি জগতের তারকাদের জন্মদিনটা যেন একটু ভিন্ন আঙ্গিকে উদযাপিত হয়। তাহলে বুবলীর ক্ষেত্রে ব্যতিক্রম কেন?

জানতে চাইলে বুবলী বলেন, বিভিন্ন কারণে এর আগের দুটি জন্মদিন উদযাপন করতে পারিনি। সত্যি কথা বলতে কী, ছোটবেলা থেকে এখন অব্দি খুব ঘটা করে কখনই জন্মদিন পালন করা হয়নি আমার। এবার পরিকল্পনা ছিল কিছুটা জমকালো আয়োজনের। কিন্তু পরিকল্পনা থাকলেও পিছিয়ে পড়ি। তা আর হচ্ছে না, এবারো ঘরোয়াভাবে দিনটি উদযাপন করবো।

বুবলী আরো বলেন, তবে ইচ্ছা আছে কয়েকদিন পর সাংবাদিক ভাইদের নিয়ে কোনো একটা রেস্টুরেন্টে জম্পেশ খাওয়াদাওয়া করার। আর সময় কাটাবো শুধু আড্ডা দিয়ে। সেদিন আর কোনো প্রফেশনাল কথাবার্তা নয়, হবে শুধু হইহুল্লোড় ও খানাপিনা।

তা জীবনের কয়টি বসন্ত পাড়ি দিলেন? কিছুটা অট্টহাসি হেসে এবার বুবলী বললেন, মেয়েদের নাকি বয়স বলতে নেই।

উল্লেখ্য, ২০১৬ সালে শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ ও ‘শ্যুটার’ ছবি মুক্তি পায় বুবলীর। এরপর এ বছর মুক্তি পায় ‘অহংকার’ ও ‘রংবাজ’। এ দুটি ছবিও ছিল শাকিব খানের সাথে। এছাড়া বর্তমানে শ্যুটিং চলছে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’ এবং সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন আরও দু’টি ছবিতে। এগুলোতেও তার সহশিল্পী শাকিব খান।

ad

পাঠকের মতামত