অন্ধ স্ত্রী ও ৫ বছর বয়সী শিশু সন্তানকে খুন করল মাদকাসক্ত স্বামী! অতঃপর..

নরসিংদীতে রাজিয়া বেগম (৩০) নামে এক অন্ধ গৃহবধূ ও তার পাঁচ বছর বয়সী মেয়ে সাদিয়া বেগমকে খুন করে পালিয়েছে তার স্বামী।
মঙ্গলবার বেলা ১১টায় শহরের ঘোড়াদিয়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর থেকে ঘাতক স্বামী কবির হোসেন পলাতক রয়েছেন। তার বাড়ি জেলার রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজিয়া বেগম অন্ধ। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। আর স্বামী কবির হোসেন রিকশা চালক।
মাদকাসক্ত কবির প্রায় সময়েই টাকার জন্য স্ত্রীকে নির্যাতন করতেন।
মঙ্গলবার সকাল থেকে ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা ঘরের ভেতর ঢুকে মেঝেতে রাজিয়ার ও বিছানায় মেয়ে সাদিয়ার লাশ দেখতে পায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতদের গলায় হাতের ছাপ রয়েছে জানিয়েছে নরসিংদী সদর মডেল থানার উপ-পরিদর্শক তাপস চন্দ্র বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে মা-মেয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
পুলিশ ঘাতক স্বামী কবির হোসেনকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে বলে জানান তাপস চন্দ্র।




