কাঁদলেন অপু, বললেন আরও কিছুুদিন অন্তত জয়ের জন্য হলেও বাঁচতে চাই

ঢালিউড কুইন অপু বিশ্বাসের জন্মদিন আজ। তার কোলে ফুটফুটে আব্রাম খান জয়, তাই প্রায় ২০ মাস অভিনয় থেকে দূরে ছিলেন। সম্প্রতি আবার রুপালি জগতে ফিরলেন এই মিষ্টি মেয়ে।আজ শুধু জন্মদিন নিয়ে কথা হয় তার সঙ্গে।
জন্মদিনের প্রত্যাশা?
বিশেষ এইদিনে একটাই প্রার্থনা, সৃষ্টিকর্তা যেন সবাইকে সুখে-শান্তিতে রাখেন। আর আমার দর্শক-ভক্তদের বলব, আমার জন্য প্রাণভরে দোয়া করবেন। যেন আমার সব দুঃখ-কষ্ট দূর হয়ে যায়, ভালো থাকতে পারি। নতুন দিনে নবরূপে পূর্ণোদ্যমে সৃষ্টিশীল পথে হেঁটে যেতে পারি এই প্রত্যাশা নিয়ে আগামী দিনের পথে এগুতে চাই। নতুন করে সবার ভালোবাসা পেতে চাই।
জন্মদিনের পরিকল্পনা?
তেমন স্পেশাল কিছু নয়, জীবনটা যেদিন সত্যি স্পেশাল হবে সেদিন শুধু জন্মদিন নয়, আমার প্রতিটা দিন হবে স্পেশাল। জন্মদিনের সকালবেলাটা অন্য দিনগুলোর মতো প্রাত্যহিক কাজ নিয়ে কাটাব, বিকালে বাবুকে নিয়ে বেরুব, ঘুরব, বেড়াব, এই আর কী…। [কান্নার শব্দ]
আপনার কি মন খারাপ?
থাক, একান্তই ব্যক্তিগত, এটি কারও সঙ্গে শেয়ার করতে চাই না। দুঃখবোধ যখন একটা মানুষকে কুরে কুরে খায় মানুষটি তখন কোনোভাবে বেঁচে থাকার জন্য যে কোনো অবলম্বন চায়। আমি এখন কাজকে অবলম্বন করে কষ্ট থেকে বাঁচতে চাই। দুঃখকে বেশি প্রশ্রয় দিলে বেঁচে থাকাটাই দায় হয়ে পড়বে। আমি আরও কিছুুদিন অন্তত জয়ের জন্য হলেও বাঁচতে চাই… [অঝোরে কান্না]।
আপনি কাঁদছেন?
[কাঁদতে কাঁদতে] বললামতো, আমার যত দুঃখ সবই আমার একান্ত ব্যক্তিগত। এর জন্য কেউ দায়ী নয়। ভুল যদি কিছু হয়ে থাকে সবই আমি করেছি। আবেগকে প্রশ্রয় দিলে মানুষকে ভুলের মাশুল গুনতে হয়। আমি তাই গুনছি। আমাকে অনেকেই বুঝতে পারে না। বিশেষ করে কাছের মানুষরা বড় বেশি দুঃখ দেয়। এত কষ্ট নিয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না। আমার জন্মদিনে বিধাতার কাছে একটিই শুধু প্রার্থনা, আমাকে তুলে নিন [আবারও অঝোরে কান্না]।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন।।









