চার দফা বিস্ফোরণ মিরপুরের ‘জঙ্গি আস্তানা’য়
রাজধানীর মিরপুরের দারুসসালাম থানাধীন বুদ্ধিজীবী কবরস্থানের পাশে ছয়তলা ভবনের ‘জঙ্গি আস্তানা’র ভেতর থেকে চার দফা ভারী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসময় ভবনের ভেতর থেকে গুলির শব্দও শোনা যায়।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে এসব শব্দ শোনা যায়। এসব বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে।বিস্ফোরণের পর ভবনটিতে আগুন ধরে যায়। পরে ভবনটি থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসে।
এসময় বোমার স্প্রিন্টারে র্যাবের চার সদস্য আহত হন। প্রাথমিক চিকিৎসার পর তারা আশংকামুক্ত বলে জানা গেছে।
র্যাব সূত্রের দাবি, নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সদস্য আব্দুল্লাহ পরিবারের সদস্যদেরসহ আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি র্যাব।
এরআগে ওই ভবনে থাকা জঙ্গি আব্দুল্লাহ, তার সহযোগী ও পরিবারের সদস্যরা আত্মসমর্পণে ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানিয়েছিলেন র্যাব মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।
রাত সাড়ে ৮টার মধ্যে আত্মসমর্পণের কথা থাকলেও কেউ আত্মসমর্পণ করেননি। সময় পেরিয়ে যাওয়ার পরেই ভবনের ভেতর থেকে বিস্ফোরণ ও গুলির শব্দ ভেসে আসে।
প্রসঙ্গত, টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌরসভার মসিন্দা এলাকায় জঙ্গি আস্তানা থেকে সোমবার দিবাগত রাত আড়াইটায় দুই জঙ্গিকে আটক করে র্যাব। আটককৃত দুই সহোদর হলো মাসুদ ও খোকন। তবে ওই দুই সহোদর ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত থেকে মিরপুরের দারুসসালামের ওই বাড়িতে অভিযান চালায় র্যাব।








